২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস আলীর বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলার তদন্ত শুরু

বিএনপির সাবেক সাংসদ ইলিয়াস আলীর বিরুদ্ধে শুক্রবার দায়ের করা চাঁদাবাজি মামলার তদন্ত শুরু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 07:09 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আঙ্গুঁরা বেগম শুক্রবার বিকালে ইলিয়াস আলীসহ পাঁচ জনের বিরুদ্ধে সিলেট কোতয়ালী থানায় চাঁদাবাজির মামলাটি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক রবিউল হাসান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাদী ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুন নূর জানান, মামলাটি শুক্রবার রাতে নথিভুক্ত করা হয়। এতে চাঁদাবাজি, মারধর, সংঘবদ্ধভাবে ভয়ভীতির প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

মামলার অন্য আসামীরা হলেন, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান রজব আলী, বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. হাবিবুর রহমান, আবুল বশার ও মো. ফয়জুর রহমান ফজলু।

এজাহারে বলা হয়েছে, বিএনপি ক্ষমতা থাকাকালে খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান রজব আলীর মাধ্যমে ইলিয়াস আলী বাদীর কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করেন। এর মধ্যে ২০০৪ সালের ১২ ডিসেম্বর তিনি ইলিয়াস আলীর সিলেট শহরের উপশহরের বাসায় গিয়ে ৫০ হাজার টাকা দিয়ে আসেন। বাকি টাকা ১৫ দিনের মধ্যে পরিশোধ না করলে ইলিয়াস আলী তাকে হত্যার হুমকি দেন।

কয়েকদিন আগে ইলিয়াস আলীসহ তিনজনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আরেকটি মামলা হয়।

বিষয়টি নিয়ে ইলিয়াস আলীর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এলাকার একটি সূত্র জানায়, তিনি ঢাকায় আছেন।