যাত্রাবাড়িতে বাসের ধাক্কায় পথচারী নিহত
যাত্রাবাড়িতে শনিবার সকালে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় নাসিমা আক্তার (৪০) নামে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে।
বাস চালকের নাম আবুল হাশেম (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে সাতটায় নাসিমা রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। উত্তেজিত পথচারী ও বাসটির যাত্রীরা এ সময় চালককে আটক করেন ও বাসটিতে আগুন ধরিয়ে দেন।
যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আহসান হাবীব জানান, এ বিষয়ে যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত চালককে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
ওই থানার উপ-মহাপরিদর্শক কামরুন নাহার চৌধুরী জানান, ময়না তদন্ত শেষে লাশ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
