রাজধানীতে অস্ত্র ও বোমাসহ চাঁদাবাজ গ্রেপ্তার
রাজধানীর মিটফোর্ড এলাকা থেকে র্যাব সদস্যরা অস্ত্র, বিস্ফোরক এবং নগদ টাকাসহ মোঃ শাহীন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
শাহীন সূত্রাপুর ও কোতয়ালী থানা এলাকার চিহ্নিত চাঁদাবাজ বলে র্যাব দাবি করেছে।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১০ এর একটি দল দুপুর দুইটার দিকে কোতয়ালী থানার মিটফোর্ড রোডের ২১৮ মমতাজ মার্কেটে অভিযান চালিয়ে শাহীনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি হাতবোমা এবং চাঁদার নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
