২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক ও মানবাধিকার কর্মী তাছনিম খলিলকে ছেড়ে দিয়েছে যৌথবাহিনী

টেলিভিশন চ্যানেল সিএনএন এর বাংলাদেশ প্রদায়ক এবং ডেইলি স্টারের সম্পাদনা সহযোগী তাছনিম খলিলকে আটকের ২৪ ঘন্টার মধ্যে ছেড়ে দিয়েছে যৌথবাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 12:11 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের কর্মী তাছনিমের আটকের খবরটি বিদেশি সংবাদ মাধ্যমগুলোতে ফলাও প্রচার পায়।

শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে তার স্ত্রী শারমিন আফসানা সূচি বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, তাছনিমকে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে ধানমন্ডি সেন্টাল রোডের বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে জানিয়ে শারমিন আফসানা সূচি বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “ রাত পৌনে তিনটার দিকে সাদা পোশাকে যৌথবাহিনীর সদস্যরা জিপে করে এসে তাছনিমকে নিয়ে যায়। এ সময় কোন সার্চ ওয়ারেন্ট আছে কিনা জানাতে চাইলে তারা বলেন, ‘আমরা জয়েন্ট টাস্কফোর্সের সদস্য। জিজ্ঞাসাবাদের জন্য তাছনিমকে সংসদ ভবন সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে।’ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাড়ি তল্লাশি করে পাসপোর্ট, দুটি মোবাইল টেলিফোন সেট, কয়েকটি সিডি এবং কিছু ফাইলপত্রও নিয়ে যায়।”

এর আগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এক বিবৃতিতে বলেন, তাছনিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে যৌথবাহিনী। তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছেন, সাংবাদিকতা সংশ্লিষ্ট কোনো কাজের জন্য তাকে আটক করা হয়নি। এর সঙ্গে ডেইলি স্টারের কোনো সংশ্লিষ্টতা নেই। ব্যক্তিগত ব্লগের বিষয়াদি এবং সম্প্রতি তার পাঠানো কয়েকটি এসএমএস এর কারণে তাকে আটক করা হয়েছে।

মাহফুজ আনাম বলেন, ব্লগের বিষয়াদি এবং এসএমএস এ প্রকাশিত মতামত সম্পূর্ণ তাছনিমের ব্যক্তিগত। তার সঙ্গে কর্তৃপক্ষের আলোচনার পর এবং সরকারের গণমাধ্যমের স্বাধীনতার প্রতি অঙ্গীকারের কারণে তাছনিমকে রাতে ছেড়ে দেওয়া হবে বলে ডেইলি স্টার সম্পাদক জানিয়েছিলেন।

তাছনিমকে আটকের ব্যাপারে সিএনএন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ সরকারের বিশেষ দূত ফারুক সোবহানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “বিষয়টি আপনাদের কাছ থেকেই প্রথম জানলাম। এ ব্যাপারে আমি খোঁজ খবর নেব।”

২৬ বছর বয়সী আছনিম নিউইয়ার্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের হয়ে কাজ করতেন এবং তিনি একটি নিজস্ব ওয়েবসাইট পরিচালনা করেন।

তার সহকর্মীরা জানান, তিনি কিছুদিন আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সেনা ও নিরাপত্তা বাহিনীর সমালোচনা করে তার ওয়েবসাইটে নিবন্ধ লিখেছিলেন।

তাছনিমকে আটকের পর হিউম্যান রাইটস ওয়াচ অবিলম্বে তার মুক্তি দাবি করে একটি বিবৃতি দেয়।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া শাখার পরিচালক ব্রাড অ্যাডামস বিবৃতিতে বলেন, “আমরা তাছনিম খলিলের নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন”।

তিনি বলেন, “বাংলাদেশে মানবাধিকার ও আইনের শাসন নিয়ে সোচ্চার ছিলেন তাছনিম। আর এটাই

তার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।”