সিলেটে ইলিয়াস আলীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এজাহার দায়ের
সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সিলেট-২ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ ইলিয়াস আলীসহ পাঁচজনের বিরুদ্ধে চার লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে শুক্রবার বিকেলে একটি এজাহার দায়ের করা হয়েছে।
সিলেট কোতয়ালী থানায় এজাহারটি দাখিল করেন বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য আঙ্গুরা বেগম।
মামলায় ইলিয়াস আলী ছাড়া খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান রজব আলী, বিশ্বনাথের তৎকালীন উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান এবং আবুল বশর ও ফজলুর রহমান নামের আরও দুই ব্যক্তিকে আসামী করা হয়েছে।
সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুন নূর বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, সাবেক সাংসদসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে একটি এজাহার দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উপ পরিদর্শক রবিউল ইসলামকে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
ওসি জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে মামলাটি নথিভূক্ত করা হবে।
এজাহারে বলা হয়েছে, বিএনপি ক্ষমতা থাকাকালে খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান রজব আলীর মাধ্যমে ইলিয়াস আলী তার কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করেন। এর মধ্যে ২০০৪ সালের ১২ ডিসেম্বর তিনি ইলিয়াস আলীর সিলেট শহরের উপশহরের বাসায় গিয়ে ৫০ হাজার টাকা দিয়ে আসেন।
বাকি টাকা ১৫ দিনের মধ্যে পরিশোধ না করলে ইলিয়াস আলী তাকে হত্যার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এর আগে গত ২ মে সাবেক সাংসদ ইলিয়াস আলীসহ তিনজনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আরেকটি মামলা হয়।
