নাদিম মোস্তফার বিরুদ্ধে ফের চাঁদাবাজি ও পুকুর দখলের মামলা
রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ নাদিম মোস্তফার বিরুদ্ধে রাজশাহীর দুর্গাপুর থানায় চাঁদাবাজি ও পুকুর দখলের অভিযোগে আরও একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে দুর্গাপুর উপজেলার কিসমত বগুড়া গ্রামের আমান আলী কারিগর বাদী হয়ে নাদিম মোস্তফাসহ তার ১১ সহযোগীকে আসামী করে এ মামলা করেন।
মামলা হওয়ার কিছূক্ষণ পরই এক আসামী হাবিবুর রহমানকে পুলিশ আটক করেছে।
দুর্গাপুর থানা পুলিশ জানায়, মামলার বাদী আমান আলী ২০০৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তিন বছরের জন্য প্রতিবেশী তাজের আলীর নামে একটি পুকুর ইজারা নেন। ২০০৫ সালের ১৫ জানুয়ারী সন্ধ্যায় আমানের বাড়িতে গিয়ে হাবিবুর রহমানসহ অন্য আসামীরা নাদিম মোস্তফার নির্দেশের কথা বলে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য এক লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা না দিলে তারা পুকুরের মাছ লুট করে নেওয়ার হুমকি দেয়। আসামীদের অব্যাহত হুমকির মুখে আমান আলী প্রতিবেশী আইয়ুব আলী ও বকুলকে সঙ্গে নিয়ে ২০০৫ সালের ৩০ জানুয়ারী রাতে হাবিবুর রহমানের বাড়িতে গিয়ে ৫০ হাজার টাকা দেন এবং বাকী ৫০ হাজার টাকা দেওয়ার জন্য দুই মাস সময় নেন।
কিন্তু দুই মাসের মধ্যে টাকা দিতে না পারায় ২০০৫ সালের ২৭ এপ্রিল নাদিম মোস্তফার নির্দেশে পুকুর থেকে ৪০ মণ মাছ লুট করে নেয় আসামীরা। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মাছ লুট করার সময় আসামীদের হাতে পিস্তল ও ধারালো অস্ত্র ছিলো বলেও বাদী অভিযোগে উল্লেখ করেন। আমান আলী জানান, তারা এখন পর্যন্ত ওই পুকুর জোর করে ভোগ দখল করছে।
মামলার এজাহারে আরও বলা হয়, ওই সময় সাবেক সাংসদ নাদিম মোস্তফার নির্দেশে পুলিশ মামলা নিতে অপারগতা দেখায়। মামলায় সাবেক সাংসদ নাদিম মোস্তফা ছাড়াও কিসমত বগুড়া এলাকার হাবিবুর রহমান, আবদুস সোবহান, দুলাল, আজাদ, সেলিম, আব্দুর রশিদ, জবির উদ্দিন, শ্যামচাঁদ, মামুন, ও পুরাতুন তাহেরপুর এলাকার হায়দার আলীকে আসামী করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মামলা হওয়ার পরই পুলিশ হাবিবুর রহমানকে থানা চত্বর থেকে আটক করেছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসাহাক আলী জানান, বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তসাপেক্ষেই মামলা নেওয়া হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ নিয়ে নাদিম মোস্তফার বিরুদ্ধে জঙ্গি মদদদান, চাঁদাবাজি ও প্রতারণা ও টিন আত্মসাতের অভিযোগে রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারায় থানায় মোট পাঁচটি মামলা হয়েছে।
