স্ত্রী হত্যার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলারোয়া উপজেলার রুদ্রপুর গ্রামের রুহুল আমিন। যৌতুকের দাবিতে নির্যাতনেই স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২১) মারা গেছে বলে দাবি করা হচ্ছে।
এ ঘটনায় বুধবার কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন জান্নাতুল ফেরদৌসের বাবা আবদুল আজিজ।
এজাহারের উদ্ধৃতি দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদউদ্দীন জানান, রুহুল আমিন বেশ কিছুদিন ধরেই জান্নাতুলের ওপর যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। মাঝে মাঝে মারধর করে যৌতুক আনার জন্য বাবার বাড়ি পাঠিয়ে দিতো ।
মামলায় বলা হয়, মঙ্গলবার রাতে ১০ হাজার টাকা যৌতুকের জন্য রুহুল আমিন স্ত্রীকে মারধর শুরু করে। জান্নাতুল বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করার এক পর্যায়ে রুহুল আমিন কাঠের লাঠি দিয়ে তাকে নির্দয়ভাবে পেটায়। তাতে ওই রাতেই মারা যায় জান্নাতুল ফেরদৌস।
পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ কর্মকর্তা ফরিদউদ্দীন জানান, মামলার আসামী জান্নাতুলের স্বামী রুহুল আমিন ও দেবর মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
