ভোটার তালিকা সম্পর্কে পরামর্শ দিতে শুরু করেছেন সেনা বিশেষজ্ঞরা
ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির বিষয়ে সেনাবাহিনীর তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে শুরু করেছে নির্বাচন কমিশন।
বুধবার সকালে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল প্রায় ঘণ্টাব্যাপী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন ও কমিশন সচিব মুহাম্মদ হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, “ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরি করার ক্ষেত্রে আমরা সেনাবাহিনীর প্রযুক্তিগত সহায়তা নিচ্ছি। তাদের কাছে চার/পাঁচটি বিকল্প আছে। কোন পন্থাটি আমরা বেছে নেব, সেটাই এখন দেখার বিষয়।”
শামসুল হুদা আরও বলেন, “আমরা ১৮ মাসের মধ্যে ছবিসহ ভোটার তালিকা তৈরির সময়সীমা ঠিক করেছি, রাষ্ট্রপতিও ভোটার তালিকা তৈরি করে আগামী ২০০৮ সালের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার কথা বলেছেন। আমরা ১৮ মাসের আগে ছবিসহ ভোটার তালিকার কাজ শেষ করতে পারলে আগেই নির্বাচন করে ফেলব।”
তিনি জানান, ছবিসহ ভোটার তালিকার কাজ করতে কম্পিউটারসহ কী কী যন্ত্রপাতি কিনতে হবে তা রোববার নাগাদ জানাবেন পরামর্শকরা।
নির্বাচন কমিশন সচিবালয়কে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আলাদা করার বিষয় নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার কমিশনের ডাকা বৈঠকটি বাতিল করা হয়েছে বলে জানান সিইসি। তিনি বলেন, সংবিধান ও আইন বিশেষজ্ঞদের অনেকে বৈঠকটিতে উপস্থিত হতে পারবেন না বলে আপাতত সেটি বাতিল করা হয়েছে।
এদিকে বুধবার বিকেলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রেনাটা লক ডেসালিয়ান প্রায় দেড় ঘণ্টা সিইসির সঙ্গে বৈঠক করেন।
পরে জাতিসংঘ প্রতিনিধি সাংবাদিকদের জানান, ইউএনডিপির অর্থায়নে কমিশনের পাঁচজন পরামর্শক ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের প্রকল্প তৈরির কাজ করছেন। আগামী জুনের শেষে এই প্রকল্প প্রস্তাব তৈরি হবে।
