চিকিৎসা বিনিয়োগ যেন বাণিজ্যে পরিণত না হয়: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, “আর্থিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতার পাশাপাশি চিকিৎসক ও নার্সের স্বল্পতার কারণে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ। তবে লক্ষ্য রাখতে হবে বেসরকারি উদ্যোগে চিকিৎসা বিনিয়োগ যেন বাণিজ্যে পরিণত না হয়।”
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি একথা বলেন।
তিনি বলেন, “চিকিৎসাপ্রাপ্তি একটি জাতির মৌলিক প্রত্যাশা। এ প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। তারপরও অনেক ক্ষেত্রে কাক্সিক্ষত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।”
লিখিত ভাষণে রাষ্ট্রপতি আরও বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও হৃদরোগ একটি অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা। উন্নয়নশীল দেশে এ রোগের প্রভাব বেড়েই চলেছে। এটা প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে এবং সর্বস্তরের জনগণের মধ্যে এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে।”
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের দেশব্যাপী কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, “ঢাকার মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সারা দেশে এর ৩৫টি শাখা রয়েছে। এরই মধ্যে ঢাকা ছাড়াও দিনাজপুরে হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছে। এর ধারাবাহিকতায় আজ এই পূণ্যভূমি সিলেটে সরকার থেকে বন্দোবস্ত করা এক একর জমির ওপর প্রাথমিক পর্যায়ে ১০০ শয্যার একটি হাসপাতাল প্রতিষ্ঠিত হচ্ছে।”
তিনি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার জন্য অনুদানের জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান।
অধ্যাপক ডা. এম এনায়েতউল্লার সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, ডা. এ এস এম মতিউর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব ও জাতীয় অধ্যাপক ডা. আবদুল মালিক। স্বাগত বক্তৃতা দেন ডা. মো. আমিনুর রহমান লস্কর।
প্রবাসীদের পক্ষে বক্তব্য রাখেন আবদুল হাফিজ মজিরউদ্দিন আহমদ।
এর আগে রাষ্ট্রপতি হৃদরোগ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। পরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করে বিকেলে তিনি সিলেট ত্যাগ করেন।
