২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের চাহিদা ও উৎপাদন সম্পর্কে সরকার ভুল তথ্য পায়!

দেশে বিদ্যুতের চাহিদা বা উৎপাদন সম্পর্কে প্রকৃত তথ্য জানে না সরকার। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো উৎপাদন, প্রকৃত চাহিদা ও সরবরাহ সম্পর্কে সরকারকে ক্রমাগত ভুল তথ্য দিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছেন খোদ জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা তপন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 04:36 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বুধবার বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি বলেন, “একশো থেকে দেড়শো মেগাওয়াট বিদ্যুৎ সম্পর্কে সরকারকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। এই তথ্য কারা দিচ্ছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তপন চৌধুরী স্বীকার করেন, “দেশে বিদ্যুতের প্রকৃত চাহিদা কত তার সঠিক হিসাব সরকারের কাছে নেই। এক একটি প্রতিষ্ঠান থেকে এক এক রকম চাহিদার কথা বলা হচ্ছে।”

উপদেষ্টা বলেন, “আগামী সপ্তাহ থেকে কোন এলাকায় কত মেগাওয়াট লোডশেডিং হবে তা আগে থেকেই জানিয়ে দেওয়া হবে। এজন্য প্রতিটি আঞ্চলিক কার্যালয়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের তালিকা থাকবে। এই তালিকা গণমাধ্যমকে সরবরাহ করা হবে বিনা পয়সায়।”

লোডশেডিং সম্পর্কে আগে থেকে জানানো হলে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা যাবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। এছাড়া গৃহস্থালীর কাজেও আগাম ব্যবস্থা নেওয়া যাবে।

তপন চৌধুরী জানান, “বিদ্যুৎ উৎপাদনে আনবিক শক্তির ব্যবহারসহ নানা ধরনের বিকল্প বের করার চেষ্টা করা হচ্ছে। মিয়ানমারের কাছ থেকে হাইড্রোলিক পাওয়ার কেনা বা মিয়ানমারে বিনিয়োগ করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এজন্য একটি প্রতিনিধিদল সেখানে পাঠানোর চিন্তাভাবনা করা হচ্ছে। সেখান থেকে বিদ্যুতের ব্যবস্থা হলে দীর্ঘমেয়াদী সমাধান আসবে।”

জ্বালানি উপদেষ্টা বলেন, “আনবিক শক্তি কাজে লাগানোরও চেষ্টা চলছে। ফ্রান্সের একটি প্রতিষ্ঠান অনেক আগেই এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি কোরিয়ার একটি প্রতিষ্ঠানও এ ব্যাপারে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে।”

এ ব্যাপারে বিদেশি প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিলে তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে মন্ত্রণালয় সূত্র জানায়।