সাবেক সাংসদ মুশফিকুর রহমানের বিরুদ্ধে ৪টি চাঁদাবাজির মামলা
সাবেক সচিব ও কসবা-আখাউড়া থেকে নির্বাচিত সাবেক সাংসদ মুশফিকুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও জোর করে ভূমি দখলের অভিযোগে একদিনে চারটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২ নম্বর আমলি আদালতে আখাউড়ার চান্দুপুর গ্রামের সাচ্চু মিয়া দুটি এবং একই উপজেলার রুটি গ্রামের মিজানুর রহমান ও আবদুর রউফ ভূঁইয়া একটি করে মামলা দায়ের করেন।
এসব মামলায় মুশফিকুর রহমানসহ মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ২ নম্বর আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ইফতেখার হোসেন মামলাগুলো তদন্তের জন্যে কসবা ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
৪টি মামলার অভিযোগ প্রায় একই রকম। এসব অভিযোগে বলা হয়, বাদীরা চাঁদা না দেওয়ায় অভিযুক্তরা বিভিন্ন সময়ে জলমহাল দখল করে কয়েক লাখ টাকার মাছ লুট করে এবং বেশ কিছু ভূমি দখল করে নেয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ এনায়েত উদ্দিন ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, তারা এখনও মামলার নথি হাতে পাননি। নথি পাওয়ার পর তারা তদন্ত শুরু করবেন।
