পুলিশকে আর রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না
পুলিশবাহিনীর সদস্যদের রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়া থেকে রক্ষা করতে পাল্টে দেওয়া হবে দেড়শ বছরের পুরনো আইন।
এ লক্ষ্যে পুলিশ অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী এনে নতুন আইন করা হচ্ছে। আগামী মাসের মধ্যেই এর খসড়া চূড়ান্ত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার পুলিশ সংস্কার প্রকল্পের (পিআরপি) কার্যকর কমিটির চতুর্থ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র সচিব আবদুল করিমের সভাপতিত্বে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের মহাপরিদর্শক, ইউএনডিপি, ডিএফআইডি, ইউরোপীয় কমিশনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভা শেষে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নববিক্রম ত্রিপুরা সাংবাদিকদের জানান, পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে ২০০৫ সালে পিআরপির কার্যক্রম শুরু হয়। এজন্য ব্যয় হচ্ছে প্রায় এক কোটি ৬০ লাখ ডলার।
তিনি বলেন, “ইতিমধ্যে পুলিশ বাহিনীর সংস্কারের কাজ বেশ কিছুটা এগিয়েছে। তিন বছর মেয়াদি প্রকল্পের মধ্যে জেন্ডার ইস্যু, মানবাধিকার, এইচআইভি-এইডসসহ মোট সাতটি বিষয়ে সংস্কারের কাজ চলছে।” একইসঙ্গে দেশের পুরান থানা ভবন পুননির্মান ও সংস্কারের কাজও করা হচ্ছে বলে জানান তিনি।
সংস্কারের প্রথম পর্যায়ে ১১টি মডেল থানার কার্যক্রম শুরু করা হয়। পরে নতুন করে কিশোরগঞ্জের কটিয়াদি, ফেনীর সোনাগাজী, রংপুরের গঙ্গাচড়া, চুয়াডাঙ্গার দামুড়হুদা, চট্টগ্রামের হাটহাজারী ও হবিগঞ্জের বাহুবল থানাকে সংস্কার করে মডেল থানা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
নববিক্রম ত্রিপুরা আরও বলেন, “সভায় ১৮৬১ সালের পুলিশ অধ্যাদেশ সংশোধন নিয়ে আলোচনা হয়েছে। ইতোমধ্যে ভারত ও পাকিস্তানে পুলিশ আইনে ব্যাপক সংস্কার ও পরিবর্তন করা হয়েছে। আমাদের দেশেও এ আইনটি সংস্কার করে যুগোপযোগী করার কাজ চলছে। সংস্কারের অংশ হিসেবে পুলিশ আইনে সংশোধনী প্রণয়নের কাজ শুরু হয়েছে।”
