সহযোগীদের হাতে খুন হওয়া ডাকাতের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাইজখার গ্রাম থেকে মঙ্গলবার একটি লাশ উদ্ধার করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত লাশটি আন্তঃজেলা ডাকাত সর্দার শহিদের। দলীয় কোন্দলের জের ধরে দুই মাস আগে সহযোগীরা তাকে হত্যা করে।
র্যাব-৩ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সিরাজ আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, র্যাবের একটি বিশেষ দল গত ৫ মে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য আলমগীর সরকার ও মো. বাবুল হোসেনকে রাজধানীর শনিরআখড়া থেকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা র্যাবের কাছে স্বীকার করে, দুই মাস আগে অন্তর্দ্বন্দ্বের কারণে দলপতি শহিদ ওরফে শইফ্ফা ডাকাতকে খুন করে তারা। পরে তারা দলের সদস্য গফুর ডাকাতের গ্রামের বাড়ি কসবায় নিয়ে লাশটি পুঁতে রাখে।
গ্রেপ্তারকৃত দু’ডাকাতের তথ্য অনুযায়ী মেজর জায়েদুল আলমের নেতৃত্বে র্যাবের একটি দল মাইজখার গ্রামে গফুর ডাকাতের বাড়ির কাছে পাট ক্ষেতের মধ্যে মাটি চাপা দেওয়া শহিদের লাশ উদ্ধার করে।
সিরাজ আমিন জানান, পরে সংশ্লিষ্ট থানা ও মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করে। বিকালে লাশটি কসবা থানায় হস্তান্তর করা হয়।
