যশোরে অস্ত্রসহ তিন ব্যক্তি গ্রেপ্তার
জেলা শহরের ঘোপ জেল রোড এলাকা থেকে মঙ্গলবার দুটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলিসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব দাবি করেছে, গ্রেপ্তারকৃত বাবুল, টিটো ও আবুল কালাম আজাদ অস্ত্র ব্যবসায়ী।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবুল হোসেন সাংবাদিকদের জানান, যশোরে অস্ত্র ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট রয়েছে জানতে পেরে র্যাব-১ এর একটি দল ক্রেতা সেজে জনৈক বাবুলের সঙ্গে যোগাযোগ করে। মঙ্গলবার সকালে মেজর রাশেদুল আলমের নেতৃত্বে র্যাব সদস্যরা বাবুলের কথামতো ঘোপ জেল রোডের ঈমান আলীর বাড়িতে যায়। সেখানে ঈমান আলীর ছেলে টিটোর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল কেনেন র্যাব সদস্যরা। আবুল কালাম আজাদ ও আরও এক অস্ত্র ব্যবসায়ী আরিফ তখন ওই বাসায় ছিল।
এএসপি বলেন, ওই সময় টিটো আরও অস্ত্র সরবরাহ করতে পারবে বলে জানায়। পরে র্যাব সদস্যরা অস্ত্রের টাকা দেওয়ার কথা বলে বাবুলকে রাস্তায় নিয়ে এসে গাড়িতে ওঠাতে গেলে সে রিভলবার বের করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। এতে বাবুলের দুই পা গুলিবিদ্ধ হয়।
পরে বাবুলসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করে। কিন্তু আরিফ পালিয়ে যায়।
এ বিষয়ে র্যাব কর্মকর্তা মেজর রাশেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, গ্রেপ্তারকৃতরা অস্ত্র ব্যবসায়ী।
বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃতদের কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।
