২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জামায়াতের সাবেক এমপির বিরুদ্ধে মামলা

সাতক্ষীরার আশাশুনিতে জামায়াত দলীয় সাবেক সাংসদ মাওলানা রিয়াসাত আলী, তার ছেলে জুলফিকার আলী ও প্রতাপনগরের ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানের বিরুদ্ধে ঘুষ নেওয়া ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একটি মামলা করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 11:21 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

প্রতাপনগরের বাসিন্দা মালেকা খাতুন সোমবার সাতক্ষীরা ‘গ’ অঞ্চলের নালিশী আদালতে এ মামলা দায়ের করেন।

মালেকা খাতুন অভিযোগ করেছেন, ১৯৯৭ সালে প্রতাপনগরের কুড়িকাহনিয়া মহিলা মাদ্রাসায় সহকারী শিক্ষিকা পদে বিধি অনুযায়ী চাকরি পান তিনি। কিন্তু তৎকালীন সাংসদ রিয়াসাত আলী নিয়োগপত্র দেওয়ার বিনিময়ে তার কাছে ৪০ হাজার টাকা দাবি করেন। মালেকা খাতুন তাকে পর্যায়ক্রমে মোট ৩০ হাজার টাকা দেন। বাকি টাকা না পেয়ে তাকে করনিক পদে এবং রিয়াসাত আলীর ছেলে জুলফিকারকে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়।

মামলায় অভিযোগে বলা হয়, মালেকা খাতুন বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় আবেদন করলে রিয়াসাত আলী ক্ষিপ্ত হয়ে তাকে করনিক পদ থেকেও বরখাস্ত করেন।

এ ব্যাপারে রিয়াসাত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “আমি মামলার বিষয়টি শুনেছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা পুরোপুরি মিথ্যা। আমি ওই মাদ্রাসার কেউ না। সুতরাং কাকে কীভাবে চাকরি দেওয়া হয়েছে তা আমার জানার কথা নয়।”

প্রতাপনগরের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, তিনি এখনো অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানেন না। তাই কোনো মন্তব্যও করতে পারবেন না।