২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তাগাছায় গ্রেপ্তারকৃত জঙ্গিরা ৫ দিনের রিমান্ডে

মুক্তাগাছায় গ্রেপ্তারকৃত ১৫ জঙ্গিকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 07:49 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

সোমবার বিকেলে মুক্তাগাছা থানা পুলিশ জঙ্গিদের ময়মনসিংহের দুই নম্বর আমলি আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিনের রিমান্ড চায়।

প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট শেফালী বেগম প্রত্যেকের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ জানান, সোমবার সকালে র‌্যাব ১৫ জঙ্গিকে মুক্তাগাছা থানায় সোপর্দ করে। পরে র‌্যাবের পক্ষ থেকে ডিএডি আবুল কাশেম বাদী হয়ে জঙ্গিদের বিরুদ্ধে জরুরি ক্ষমতা বিধি ২০০৭ এর ৩ ও ৮ এর ধারায় মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ১১(৫)০৭।

পুলিশ জানায়, র‌্যাব-৯ সদস্যরা রোববার ভোরে মুক্তাগাছার পল্লীতে অভিযান চালিয়ে বাংলা ভাইয়ের আশ্রয়দাতাসহ জেএমবির ১৫ সদস্যকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে এসময় কিছু জিহাদি বই, বাংলা ভাইয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার এজাহার কপি, ছয় জঙ্গির ফাঁসির খবর সম্বলিত একটি পত্রিকা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

গত বছরের ৬ মার্চ মুক্তাগাছার রামপুর গ্রাম থেকে র‌্যাব সদস্যরা জেএমবির সেকেন্ড-ইন-কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে তার দেহরক্ষীসহ গ্রেপ্তার করে। ওইদিনের পর থেকে অন্য জঙ্গিরা পালিয়ে যায়। সম্প্রতি কতিপয় প্রভাবশালীর মদদে জঙ্গিরা আবার সংগঠিত হয়। রোববার রাতে গোপন বৈঠক করার সময় র‌্যাব-৯ এর সদস্যরা হানা দিয়ে বাংলা ভাইয়ের আশ্রয়দাতাসহ জেএমবির ১৫ জঙ্গিকে গ্রেপ্তার করে।