২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার হলিডে মার্কেট চট্টগ্রামে

নগরীর ফুটপাত থেকে উচ্ছেদকৃত হকারদের পুর্নবাসনে ঢাকার পর এবার চট্টগ্রামে শুরু হলো হলিডে মার্কেট।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 08:07 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

রোববার দুপুরের পর পুরাতন চান্দগাঁও থানার প্রাঙ্গণে দীর্ঘদিন পর আবার জড়ো হয়েছিলেন ৬০ জনের মতো হকার। তারা কাপড়-চোপড় ও অন্যান্য সামগ্রীর পাশাপাশি মৌসুমী ফলের পসরা সাজিয়ে বসেন।

এখন থেকে নিয়মিত বসবে এই হলিডে মার্কেট। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মইনুর রহমান চৌধুরী জানান, প্রাথমিকভাবে নগরীর সাতটি স্থানে পর্যায়ক্রমে হলিডে মার্কেট চালু করা হবে।

তিনি বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে জনসমাগম হবে এরকম সাতটি স্থান নির্বাচন করা হয়েছে।

অন্য ছয়টি স্থান হচ্ছে, পুরাতন রেলস্টেশন চত্বর, প্যারেড গ্রাউন্ড, পলো গ্রাউন্ড, আউটার স্টেডিয়াম, জমিয়াতুল ফালাহ মসজিদ চত্বর, শেরশাহ কলোনি এবং পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার পথে খোলা মাঠে।

সিএমপি কমিশনার জানান, হকারদের সাথে এ বিষয়ে আলোচনা শুরু করেছে সিএমপি। হকার নেতাদের সাথে কথা বলে এলাকাভিত্তিক হকারদের তালিকা তৈরি করা হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, হলিডে মার্কেট জমে উঠলে উচ্ছেদকৃত হকারদের পুর্নবাসনের পাশাপাশি নগরীতে অপরাধও অনেক কমে যাবে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখফুবার রহমান চৌধুরী জানান, শুরুর দিনে হকাররা বেশ সাড়া দিয়েছে। তবে ক্রেতার সংখ্যা ছিল কম। ঠিকমতো প্রচারণা পেলে এ এলাকার মার্কেটটি জমে উঠতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।