আদালতের পরোয়ানা নিয়েও পুলিশ পাহারায় ঘুরে বেড়াচ্ছেন মেয়র সরোয়ার
একটি মামলায় সাক্ষ্য না দেওয়ায় জারি হওয়া আদালতের পরোয়ানা নিয়েই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মজিবর রহমান সরোয়ার। শুধু তাই নয়, যথারীতি পুলিশ পাহারাও পাচ্ছেন বিএনপির এ সাবেক সাংসদ।
বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসানের আদালতে বিচারাধীন বিস্ফোরক আইনের একটি মামলার মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল পরোয়ানা জারি হয়।
ওই মামলার বাদী মেয়র সরোয়ার সাক্ষ্য দিতে আদালতে হাজির না হওয়ায় এর আগে তার বিরুদ্ধে সমন জারি করে আদালত। কিন্তু একাধিক বার সমন জারির পরও তিনি হাজিরা না দেওয়ায় ওই পরোয়ানা জারি হয়। অথচ সিটি কর্পোরেশনের লাগোয়া ভবনটিই জজ কোর্ট।
আদালত সূত্র জানিয়েছে, পরোয়ানা জারির দিনই তা বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। সোমবার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।
এদিকে রোববার বিকালেও পুলিশ পাহারায় মেয়র সরোয়ারকে শহরে গাড়ি নিয়ে ঘুরতে দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর এর প্রতিনিধি।
এ বিষয়ে আইনি ব্যাখ্যা দিতে গিয়ে বরিশাল বারের প্রবীণ আইনজীবী মো. সামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “যার বিরুদ্ধে এ ধরনের পরোয়ানা জারি হয়েছে, তাকে গ্রেপ্তার করে শুনানির দিন আদালতে হাজির করার বিধান রয়েছে।”
মেয়র সরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে আমার কিছুই জানা নেই। রোববার বিকাল ৩ টা পর্যন্ত এ সংক্রান্ত কোনও কাগজপত্রও আমি পাইনি।”
সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির না হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম। তা ছাড়া পরিবারের এক সদস্যের চিকিৎসার জন্য বেশ কিছুদিন ছিলাম বরিশালের বাইরে। আজ (রোববার) আইনজীবীর সঙ্গে কথা বলে করণীয় ঠিক করব।”
বিষয়টি নিয়ে যোগাযোগ করলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার খান সাঈদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “আমি দাপ্তরিক কাজে ব্যস্ত আছি। পরে এ বিষয় নিয়ে মতামত দেব।”
১৯৯৮ সালের ২৯ ডিসেম্বর থেকে ’৯৯ এর ৩ জানুয়ারি পর্যন্ত টানা ছয়দিন সন্ত্রাসী হামলায় নগরীর কাউনিয়ার কারিকর বিড়ি কারখানায় উৎপাদন বন্ধ থাকে। ওই ঘটনায় কারখানার মালিকানা দাবিদার মজিবর রহমান সরোয়ার ২০০১ সালে ১ নভেম্বর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর ছয় জনকে আসামী করে কোতয়ালী থানায় একটি মামলা করেন।
২০০৩ সনের ৮ জুন সাত জনের বিরুদ্ধে কোতয়ালী থানার উপ পরিদর্শক আতাউর রহমান আদালতে অভিযোগপত্র দেন। ওই বছরের ২ জুন মামলাটি জেলা জজ আদালতে পাঠানো হয়। আসামীদের অনুপস্থিতিতেই ২২ নভেম্বর মামলার অভিযোগ গঠন হয়।
এর পর প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য ২০০৪ সালে ১৬টি, ২০০৫ সালে ১৫টি এবং ২০০৬ সালের মে মাস পর্যন্ত ৫টি তারিখ নির্ধারিত ছিল বলে তৎকালীন এপিপি কাজী এনায়েত হোসেন বাচ্ছু বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানিয়েছেন।
তবে মামলার সর্বমোট ৩৬টি তারিখের একটিতেও সিটি মেয়রসহ অপর সাক্ষীরা হাজির হয়নি। এরপর এটি চাঞ্চল্যকর মামলার তালিকায় স্থান পায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠায়।
দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মতিন ২০০৬ সালের ১৮ জুন মামলাটি হাতে নেওয়ার পরও সাক্ষীদের হাজির হওয়ার জন্য একাধিকবার সমন জারি করেন।
