মুক্তাগাছায় বাংলা ভাইয়ের আশ্রয়দাতাসহ ১৫ জঙ্গি গ্রেপ্তার
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পল্লী থেকে র্যাব-৯ সদস্যরা শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে বাংলা ভাইয়ের আশ্রয়দাতাসহ জেএমবির ১৫ জঙ্গিকে গ্রেপ্তার করেছে।
এসময় তাদের কাছ থেকে কিছু জিহাদী বই, বাংলা ভাইয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার এজাহার কপি, ছয় জঙ্গির ফাঁসির খবর সম্বলিত একটি পত্রিকা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদের জন্য সকালে ময়মনসিংহ র্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তীতে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে র্যাবের একজন কর্মকর্তা জানিয়েছেন।
র্যাব-৯ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জানান, কোম্পানি-২ এর কমান্ডার মেজর ইকবাল ও ফ্লাইট লেফটেন্যান্ট ফয়সালের নেতৃত্বে র্যাব সদস্যরা পাঁচটি দলে বিভক্ত হয়ে তারা শনিবার গভীর রাতে মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের রামপুর ও বিন্নাকুড়ি গ্রাম সংলগ্ন ইসাক আলী বাজারে জনৈক হীরা খলিফার দোকানে অভিযান চালায়। এসময় ওই দোকানে উপস্থিত হীরা খলিফাসহ দৌড়ে পালিয়ে যেতে শুরু করে। এসময় বাংলা ভাইয়ের আশ্রয়দাতা রামপুর গ্রামের ডা. শামসুল হক, চণ্ডিমণ্ডপ গ্রামের মোহাম্মদ আলী মাস্টার ও বিন্নাকুড়ী গ্রামের সাহেব আলী মাস্টারসহ জেএমবির ১৫ জন জঙ্গিকে হাতেনাতে ধরে ফেলে র্যাব সদস্যরা।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন মুক্তাগাছা উপজেলার রামপুর গ্রামের তিন সহোদর মোখলেছ, আবদুর রহমান ও আবদুল মান্নান, বিন্নাকুড়ী গ্রামের নাজমুল হক তারা, আবদুল হাই, শহিদুল্লাহ হট্টু, ফুলবর হোসেন, হাতেম আলী, চণ্ডিমণ্ডপ গ্রামের সেকান্দর আলী, মলাজানি গ্রামের আবুল মুন্সী, আবু বকর সিদ্দিক ও নবীনগর গ্রামের মোতালেব ওরফে হীরা খলিফা।
কিন্তু আঞ্চলিক কমান্ডার গরীবুল্লার ছেলে নাসিরসহ কয়েকজন পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সাহেব আলী মাস্টার ও ফুলবর হোসেনের বিরুদ্ধে মুক্তাগাছা এলাকায় জঙ্গি কার্যক্রমে মদদদান ও পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে। তারা বিভিন্ন সময়ে নিজ বাড়িতে ও অন্যান্য স্থানে জঙ্গিদের বিভিন্ন সভায় যোগদান করতেন এবং তাদের আর্থিক সহযোগিতাও দিতেন বলে র্যাব জানায়। তাদের এসব কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তাদের কাছ থেকে গণতন্ত্র নয়, পূর্ণাঙ্গ বিপ্লব, কাদিয়ানী ধর্মমতের স্বরূপ উদঘাটন, কেন আল্লাহর আইন চালু করতে চাই, জিহাদের গুরুত্ব, তৃপ্তি ও সাধ, দ্বিন কায়েমের সঠিক আকিদা, সঠিক ধর্মবিশ্বাস ও উহার পরিপন্থী বিষয় শীর্ষক কিছু জিহাদী বই উদ্ধার করা হয়।
২০০৬ সালের ৬ই মার্চ মুক্তাগাছার রামপুর গ্রাম থেকে জেএমবির সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে র্যাব গ্রেপ্তার করে। এই ঘটনার পর থেকে বাংলা ভাইকে আশ্রয় দাতাসহ অন্য জঙ্গিরা পলাতক ছিল। সম্প্রতি ছয় জঙ্গির ফাঁসির পর তারা পুনরায় সংগঠিত হতে শুরু করেছে খবর পেয়ে র্যাব এই অভিযান চালায়।
