পৃথক সড়ক দুর্ঘটনায় ফ্লাইট লেফটেনেন্ট ও আইনজীবীর মৃত্যু
ফরিদপুর ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় ফ্লাইট লে. এ কে এম জাহিদুল হায়দার এবং মাগুরা জেলা জজ কোর্টের এপিপি আক্তারুজ্জামান মৃধা (৫৫) মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর এর ফরিদপুর প্রতিনিধি জানান, শনিবার সন্ধ্যায় সদর উপজেলায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের মুন্সির বাজার এলাকায় একটি যাত্রিবাহী বাস ফ্লাইট লে. এ কে এম জাহিদুল হায়দারের মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে ওই বাসের নিচেই চাপা পড়েন।
এলাকাবাসী তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি বেঁচে নেই বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক আবদুল মালেক জানান, জাহিদুল হায়দারের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর এর মাগুরা প্রতিনিধি জানান, শনিবার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাগুরা জজ কোর্টের এপিপি অ্যাভোকেট আক্তারুজ্জামান মৃধা (৫৫) মারা গেছেন। দুর্ঘটনায় তার স্ত্রী ও অপর মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে অ্যাডভোকেট আক্তারউজ্জামান ও তার স্ত্রী শাহিদা খাতুন মহম্মদপুরে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মোটরসাইকেলে রওনা হন।
তারা মাগুরা-নড়াইল সড়কের বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে অ্যাডভোকেট আক্তারুজ্জামান ঘটনাস্থলেই মারা যান।
শাহিদা খাতুন (৫০) ও অন্য মোটরসাইকেলটির চালক আসলাম উদ্দিনকে (২৫) গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
