কিশোরগঞ্জে আগুনে ১৬ ঘর পুড়ে ছাই
আগুনে ছাই হয়ে গেছে খাসাপুর গ্রামের ১৬ ঘর। শনিবার ভোর রাতে লাগে ওই আগুন। ধারণা করা হচ্ছে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা।
কিশোরগঞ্জের মিটামইন উপজেলার হাওর এলাকার গোপদীঘি ইউনিয়নে গ্রামটির অবস্থান।
এলাকার একটি সূত্র জানায়, স্থানীয় হাইস্কুলের শিক্ষক নাজিমউদ্দিনের রান্না ঘরে চুলা থেকে প্রথম আগুন লাগে। সেখান থেকে দ্রুত তা ছড়িয়ে পড়ে চারপাশে। কয়েক ঘণ্টার মধ্যেই ছাই হয়ে যায় আশপাশের ১৬টি ঘর। পুড়ে যায় ঘরে থাকা ধান-চালসহ সব আসবাবপত্র।
পাড়া-প্রতিবেশী ও আশপাশের গ্রাম থেকে ছুটে আসা লোকজন তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে গোপদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরফ উদ্দিন ভূইয়া সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, আগুনে ১৬ পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। এতে ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
