জরুরি অবস্থা তুলে নিন: ইউরোপীয় পার্লামেন্টের ১৪ সদস্য
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ১৪জন সদস্য।
ইউরোপীয় পার্লামেন্টের ১৪ সদস্যের স্বাক্ষর সম্বলিত ওই বার্তায় বলা হয়, “দুর্নীতি দমন, রাজনৈতিক দলসহ প্রশাসনিক সংস্কারের জন্য তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে জরুরি অবস্থা জারির পর রাজনৈতিক নেতাদের হয়রানির বিষয়টিতে আমরা উদ্বিগ্ন। আমরা জানি যে দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সরকারকে বিভিন্ন পদক্ষেপ নিতে হয়। তবে আমরা আশা করবো নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্বপালনকালে মানবাধিকারের প্রতি সম্মান দেখাবেন এবং যেখানে বল প্রয়োগ না করলেই নয়, নিয়ম মেনে কেবল সেখানেই বল প্রয়োগ করবেন।”
ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা তাদের বার্তায় বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সরকার ও রাজনৈতিক দলগুলো এখন একসঙ্গে কাজ করবে। আমরা আশা করবো, গণতন্ত্রের স্বার্থে তত্ত্ববধায়ক সরকার ১১ জানুয়ারি জারি করা জরুরি অবস্থা তুলে নেবে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, জরুরি অবস্থার স্থায়িত্ব সর্বোচ্চ তিন মাস হতে পারে।”
বার্তায় আরো বলা হয়, “ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে আমরা আরো সহযোগিতা করতে প্রস্তুত। তবে তার আগে দেশের সরকারকে জনগণের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরাসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে যতো দ্রুত সম্ভব একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।”
শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়টির উল্লেখ করে ওই বার্তায় বলা হয়, “আমরা জানতে পেরেছি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল। আন্তর্জাতিক চাপের মুখে শেষ পর্যন্ত সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। আমরা আশা করবো শেখ হাসিনা দেশে ফেরার পর সরকার তার নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে।”
