পদ্মায় ডুবে যাওয়া দুই ছাত্রের লাশ উদ্ধার
লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মায় গোসল করতে নেমে শুক্রবার বিকেলে নিখোঁজ হওয়া চার ছাত্রের মধ্যে দুই জনের লাশ শনিবার সকালে উদ্ধার করা হয়েছে।
মাওয়া ফাঁড়ি ইনচার্জ আকরাম হোসেন জানান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএর ছাত্র শাখাওয়াত হোসেন লিংকন (২০) ও কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের সাইফুল ইসলামের (২০) লাশ সকালে জাল ফেলে উদ্ধার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল কলেজের বাকি দুই ছাত্রের সন্ধান এখনো পাওয়া যায়নি বলে তিনি জানান।
শুক্রবার বিকেলে পদ্মায় গোসল করতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ফজলুল করিম ইভান (২০), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএর শাখাওয়াত হোসেন লিংকন (২০), কবি নজরুল কলেজের ভূগোল বিভাগের মোরশেদ খান (২০) ও ইংরেজি বিভাগের সাইফুল ইসলাম (২০) নিখোঁজ হন। নয় বন্ধু দুপুরে বাসযোগে মাওয়া এসে পদ্মায় সাঁতার কাটতে নামেন। এ সময় প্রবল স্রোতে চারজন ভেসে যান।
