২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ক্রিকেট ব্যাটের আঘাতে কিশোর নিহত

বাগেরহাটে সহপাঠীর ক্রিকেট ব্যাটের আঘাতে মো. আলী হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 08:56 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

বুধবার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর চিংড়াখালী গ্রামে ক্রিকেট খেলা চলাকালে রাসেলের ব্যাটের আঘাতে আলী হোসেন গুরুতর আহত হয়। শুক্রবার ভোরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত আলী হোসেন উত্তর চিংড়াখালী গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে। অভিযুক্ত রাসেল আলী আহসানের সহপাঠী এবং একই গ্রামের লোকমান শেখের ছেলে। তারা দুজনই এ বছর বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছে। শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে আলী হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। এদিকে এ ঘটনার পর রাসেল এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানান, বুধবার বিকালে মোড়েলগঞ্জের উত্তর চিংড়িখালি গ্রামের একটি মাঠে বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলার সময় সহপাঠী ও একই দলের খেলোয়াড় রাসেলের (১৭) সঙ্গে তার বচসা হয়। এক পর্যায়ে রাসেল ব্যাট দিয়ে আলী হোসেনের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়। শুক্রবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।