তরমুজ খেয়ে ১০ জন অসুস্থ
তরমুজ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বালিয়াকান্দি উপজেলার হুগলাডাঙ্গি গ্রামের ১০ জন। তাদের সবাইকে শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, আরশাদ আলী নামে এক ব্যক্তি নবাবপুর ইউনিয়নের হুগলাডাঙ্গিতে শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ার সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াকান্দি বাজার থেকে দুটি তরমুজ কেনে। শুক্রবার সকালে ওই তরমুজ খেয়ে বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়েন। ক্রমাগত বমি হতে থাকলে আরশাদ, খবির, সগীর, আফজাল, আনজু, খলিলসহ ১০ জনকে স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, তরমুজ পাকানোর জন্য এক শ্রেণির ব্যবসায়ী ইনজেকশনের মাধ্যমে রাসায়নিক ব্যবহার করে থাকে। এ কারণে তরমুজ খেয়ে এরা অসুস্থ হয়ে পড়তে পারেন।
