কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশীকে গুলি করে হত্যা
কুড়িগ্রামের রৌমারী উপজোর গয়টাপাড়া সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আকবর আলী (৩২) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। আকবর আলীর বাড়ি রৌমারীর খাটিয়ামারী গ্রামে।
বিডিআর সূত্র জানায়, আকবর আলী বৃহস্পতিবার রাতে ভারতীয় গরু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার জন্য গয়টাপাড়া সীমান্তে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করলে ভারতের বালুচর ক্যাম্পের বিএসএফ তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলেই আকবরের মৃত্যু হয়। বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।
শুক্রবার সকালে এ ব্যাপারে বিএসএফ ও বিডিআর এর মধ্যে পোস্ট কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠিও দিয়েছে বিডিআর।
৬ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল ইউসুফ হারুন জানান, লাশ ফেরত আনার প্রক্রিয়া চলছে। বিএসএফ এর এই আচরণের প্রতিবাদ জানানো হয়েছে।
