২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র সংগঠনের লেজুড়বৃত্তি বন্ধের উপায় খুঁজছে কমিশন

ছাত্র সংগঠনের রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি বন্ধ করতে নির্বাচন কমিশন দলগুলোর নিবন্ধনে নতুন শর্ত দেওয়ার কথা ভাবছে। এ জন্য নতুন একটি আইনও করা হতে পারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিপ্লব রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 11:16 AM

Updated : 26 Apr 2022, 02:18 PM

নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এই তথ্য জানান।

তিনি বলেন, “আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের অনুরোধের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলের নিবন্ধনে নতুন কোনো শর্ত দেওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখতে হবে। আমরাও ছাত্র সংগঠনগুলোর জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি বন্ধ করতে চাই।”

আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন গত রোববার সাংবাদিকদের বলেন, ছাত্র রাজনীতি বন্ধ নয়, রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি থেকে ছাত্র সংগঠনগুলোকে বের করে আনাই সরকারের মূল লক্ষ্য। তাই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি অর্থায়নে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে কোনও রাজনৈতিক দল যেন ছাত্র সংগঠনগুলোকে ব্যবহার করতে না পারে সে জন্য বিশেষ আইন হওয়া প্রয়োজন।

সাবেক আইন সচিব ছহুল হোসাইন বলেন, “নীতিগতভাবে আমরা মনে করি, রাজনৈতিক দলগুলোর কোনো ছাত্র, শিক্ষক বা শ্রমিক সংগঠন থাকা উচিত নয়। সংগঠনগুলো তাদের নিজ নিজ কল্যাণমূলক দাবি-দাওয়া নিয়ে রাজনীতি করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে, ছাত্র সংগঠনগুলো মূলত রাজনৈতিক দলের পেশিশক্তি হিসেবে ব্যবহৃত হয়। এটি বন্ধ হওয়া খুব জরুরি।”

ছাত্র রাজনীতির লেজুড়বৃত্তি বন্ধ করতে ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) কোনো সংশোধনী আনা হবে কি না-তা জানতে চাইলে তিনি বলেন, “এ জন্য আরপিওতে সংশোধনী এনে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি দলগুলোর গঠনতন্ত্রের পরিবর্তনের কথাও বলা হতে পারে। এমন কি এ জন্য নতুন একটি আইনও করতে হতে পারে। পুরো বিষয়টি এখন আমরা পর্যালোচনা করছি।”

ছহুল হোসাইন বলেন, “এ ছাড়া ১৯৭৬ সালের পলিটিক্যাল পার্টিজ অ্যাক্টও রহিত করতে হবে। এই আইনে রাজনৈতিক দলগুলোর ছাত্র, শিক্ষক ও শ্রমিক সংগঠনসহ নানা অঙ্গসংগঠন থাকবে-এমন কথা বলা হয়েছে।”

নির্বাচনী সংস্কার আইন নিয়ে গত ২৬ এপ্রিল কমিশনের সঙ্গে বিশিষ্ট নাগরিকদের মতবিনিময় সভাতেও ছাত্র রাজনীতির লেজুড়বৃত্তি বন্ধ করতে আইনের সংশোধনীর পক্ষে অনেকেই মতামত দিয়েছেন-এ কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “তবে আমরা যা-ই করি না কেনো, তা রাজনৈতিক দলসহ নানা মহলের মতামত নিয়েই করব। কোনো কিছুই একতরফাভাবে করা হবে না।”

প্রসঙ্গত, নির্বাচন কমিশন এরই মধ্যে ঘোষণা করেছে, ঘরোয়া রাজনীতি শুরু হলেই সংস্কার আইন নিয়ে কমিশন রাজনৈতিক দলগুলোর মতামত নেবে। এর আগে এ বিষয়ে মতামত নেওয়া হবে বিশিষ্ট সাংবাদিকদের। এ সব মতামতের ভিত্তিতে কমিশন জুলাইয়ের মধ্যে আইন সংশোধনের কাজ শেষ করবে।