সুনামগঞ্জের শাল্লায় সংঘর্ষে ২৫ জন আহত
সুনামগঞ্জের শাল্লা উপজেলার উজানগাঁও এবং আশপাশের দুটি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আটগাঁও ইউনিয়নের শর্মা ও শরীফপুর গ্রামের লোকজন উজানগাঁওয়ের পাশে তাদের জমি থেকে বোরো ধান কেটে ট্রলিতে করে বাড়ি ফেরার পথে উজানগাঁওয়ের কয়েকজন লোক তা লুট করে নেওয়ার চেষ্টা করে।
এ সময় শর্মা ও শরীফপুর গ্রামের লোকজন তাদের বাধা দিলে আগ থেকেই ওত পেতে থাকা উজানগাঁওয়ের লোকজন তাদের ওপর হামলা চালায়। পরবর্তীতে ওই দুই গ্রামের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত চার ঘন্টাব্যাপী এই সংঘর্ষে গুরুতর আহত ১১ জনকে শাল্লা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন নূর আলম মিয়া (৫৫), মান্নান মিয়া (৪৫), ফটিক মিয়া (৬৫), হোসেন (১৮), সামাদ মিয়া (৩২), ফয়জুর রহমান (৫০), বজলু মিয়া (৩৮), মোরছালিম মিয়া (২৫), হারিছ মিয়া (৫৫), আবদুল হাদী (৩০) ও ইয়াতন আলী (৮৫)। অপরদিকে উজানগাঁও গ্রামের পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কান্তি ধর বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “ট্রলিতে ধান তোলা নিয়ে এই ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। তবে এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।”
