দোষারোপ না করে সন্ত্রাস দমনে একযোগে কাজ করা উচিত: ব্রিটিশ দূত ল্যাসলি
পৃথিবীর কোনো দেশই সন্ত্রাসী হামলার হুমকির বাইরে নয়।
তাই একে অপরকে দোষ না দিয়ে পারস্পরিক সহযোগিতায় কাজ করে যাওয়া উচিত বলে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সফররত ব্রিটেনের সন্ত্রাস বিরোধী বিশেষ দূত ম্যারিয়েট ল্যাসলি।
বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ম্যারিয়েট ল্যাসলি বলেন, “বিশ্বের সব দেশই সন্ত্রাসী হামলার হুমকির মুখে রয়েছে। একে অপরের প্রতি আঙ্গুল না তুলে সন্ত্রাস দমনে একযোগে কাজ করা উচিৎ।”
পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ে আলোচনা ছাড়াও দ্বিপাক্ষিক বিষয়েও আলোচনা হয়েছে।”
এ আলোচনার ফলে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা আরও জোরদার হবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা জানান, মঙ্গলবার তিনটি রেল স্টেশনে বোমা হামলার পর সরকারের নেওয়া দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন তারা।
তিন সদস্যর এই প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সন্ত্রাস বিরোধী কর্মকর্তা উইলিয়াম নাই ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী।
