২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করবে সরকার

বিদুৎ ঘাটতি কমাতে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করবে সরকার। এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 05:18 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

এই প্রকল্প বাস্তবায়নে শিগগিরই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি বলেন, বেসরকারিভাবে কোনো বিনিয়োগকারী পাওয়া না গেলে সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

এছাড়া বিগত জোট সরকারের সময়ে বিদ্যুৎ প্রকল্প স্থাপনে অংশ নেওয়া ছয়টি কোম্পানির মধ্যে পাঁচটিকে তাদের কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হতে পারে বলে জানান উপদেষ্টা।

তিনি বলেন, “অস্বচ্ছতার কারণে এ কোম্পানিগুলোকে এর আগে কাজ শুরু করতে দেওয়া হয়নি। কোম্পানিগুলোর যাচাই-বাছাই শেষে কারিগরি কমিটি আগামী মঙ্গলবারের মধ্যে সবুজ সংকেত দিতে পারে। কারিগরি কমিটির সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তপন চৌধুরী বলেন, “এখন প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন গড়ে তিন হাজার ৫০০ মেগাওয়াট থেকে উন্নীত হয়ে ৩ হাজার ৭০০ মেগাওয়াট হয়েছে। এরপরও লোডশেডিং বাড়ার কারণ কী তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।”

অন্য এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিদ্যুৎ সংকট কমে আসলে সন্ধ্যা সাতটার পর দোকান বন্ধের নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হবে। তবে তা কোনো অবস্থাতেই রাত আটটা অতিক্রম করবে না বলে জানান তিনি।