আটকাদেশের মেয়াদ বাড়বে কিনা, তা জানতে হাইকোর্টে ৪৭ নেতাকর্মী
আটকাদেশের মেয়াদ আরও বাড়ানো হবে কিনা সে সিদ্ধান্তের জন্য দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া ৪৭ নেতাকর্মীকে বৃহস্পতিবার হাইকোর্টের আ্যাডভাইজরি বোর্ডে হাজির করা হয়েছে।
বিচারপতি মো. আবদুল মতিন ও বিচারপতি আলী আসগর খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক যুগ্মসচিবের সমন্বয়ে গঠিত অ্যাডভাইজরি বোর্ডে তাদের কথা শোনা হয়। বিষয়টি গোপনীয় হওয়ায় তাদের আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে কিনা, সে সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি।
সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, সাবেক শ্রম প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, সাবেক সাংসদ সালাহউদ্দিন আহম্মেদ, মোসাদ্দেক আলী ফালু, আলী আসগার লবী এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা পঙ্কজ দেবনাথসহ গ্রেপ্তার ৪৭ নেতাকর্মীকে কড়া নিরাপত্তার মধ্যে বোর্ডে হাজির করা হয়। নিরাপত্তার কারণে এ সময় আইনজীবীদেরও অ্যাডভাইজরি বোর্ডের সামনেও যেতে দেওয়া হয়নি।
গত মার্চ মাসের প্রথম সপ্তাহে আমানউল্লাহ আমান ও ইকবাল হাসান মাহমুদকে গ্রেপ্তারের পর বিশেষ ক্ষমতা আইনে এক মাসের আটকাদেশ দেওয়া হয়। পরে আটকাদেশের মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো হয়।
বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী কোনও ব্যক্তির আটকাদেশের মেয়াদ ১২০ দিনের বেশি বাড়ানোর ক্ষেত্রে এ ১২০ দিনের মধ্যেই হাইকোর্টের হাইকোর্টের অ্যাডভাইজরি বোর্ডের অনুমোদন প্রয়োজন।
