চিকিৎসক-কর্মচারী সংঘর্ষে ঢাকা মেডিকেলে রোগীদের দুর্ভোগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এক চিকিৎসকের দর্শনার্থীদের ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়লে প্রায় সাড়ে চার ঘন্টা সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ থাকে। বয়ে যাওয়া তাপপ্রবাহের ফলে অতীষ্ঠ রোগীরা ন্যুনতম চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যস্থতায় ধর্মঘটী চিকিৎসকরা বিকেল সাড়ে ৪ টায় তাদের কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১১টার দিকে সার্জারি ইউনিট-১ এর আট নম্বর ওয়ার্ডের চিকিৎসক ডা. মনোয়ার হোসেনের সঙ্গে দেখা করতে কয়েকজন দর্শণার্থী হাসপাতালে আসেন। কিন্তু এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সরকার এম এ মতিন রাউন্ডে থাকায় কর্তব্যরত প্রহরী আবদুর রহমান দর্শনার্থীদের ঢুকতে বাধা দেন।
পরে ডা. মনোয়ার হোসেন প্রহরীর কাছে গিয়ে দর্শণার্থীদের ঢুকতে না দেওয়ার কারণ জানতে চান। এ সময় প্রহরী তার পরিচয় জিজ্ঞাসা করলে মনোয়ার হোসেন তাকে চড়-থাপ্পর মারেন।
দুপুর ১টার দিকে সিনিয়র ওয়ার্ড মাস্টার আবুল হোসেন পরিচালকের কাছে মনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র লেখার প্রস্তুতি নেওয়ার সময় ২০/২৫ জন চিকিৎসক গিয়ে তাকে মারধর করেন।
এ ঘটনায় হাসপাতালের বিভিন্ন স্থানে চিকিৎসক এবং কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পরে। ক্ষুব্ধ কর্মচারীরা এক পর্যায়ে হাসপাতালের পরিচাললকের কক্ষে মনোয়ার হোসেন এবং ডা. জাহিদকে আটকে রাখেন। হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরে তারা মুক্ত হন। অন্যদিকে প্রায় একই সময়ে বিক্ষুব্ধ কর্মচারীরা ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক মারুফকে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর হামলায় জড়িত কর্মচারীদের শাস্তির দাবিতে দুপুর ২ টায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
পরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এমএ মতিন উভয়পক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা করে ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠনের ঘোষণা দিলে ধর্মঘটি চিকিৎসকরা বিকেল সাড়ে চারটায় তাদের কর্মসূচি স্থগিত করেন।
এ ব্যাপারে ইন্টার্নী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ মামুন শিবলী বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “হাসপাতাল পরিচালকের আশ্বাসের প্রেক্ষিতে এবং হাসপাতালে আসা সাধারণ রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে অমাদের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী দাবি বাস্তবায়ন করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
সংঘর্ষের ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সরকার এম এ মতিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুপুরে সাংবাদিকরা পরিচালকের কক্ষে তার বক্তব্য জানার জন্য গেলে তিনি বেরিয়ে এসে তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেন।
