২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদীদের সংঘর্ষে ১ জন নিহত

সারা দেশে সপ্তাহব্যাপী কারা সপ্তাহ চলাকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার কয়েদীদের সংঘর্ষে আব্দুর রাজ্জাক নামে এক বন্দী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 12:53 AM

Updated : 26 Apr 2022, 02:18 PM

এ ঘটনায় কারাগারের প্রধান কারারক্ষীসহ তিন কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

লালবাগ থানা পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর তিনটার দিকে কয়েদী রাজু, বিশু, বিল্লাল, সুমন এবং আমীর হোসেন আব্দুর রাজ্জাকের ওপর হামলা চালায়। তারা রাজ্জাককে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে দেয়ালে আঘাত লেগে রাজ্জাকের মাথা ফেটে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে আট টায় তার মৃত্যু হয়।

লালবাগ থানার কর্তব্যরত উপ-পরিদর্শক সারোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, এ ব্যাপারে জেল সুপার শফিকুল ইসলাম বাদি হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। কয়েদী রাজু, বিশু, বিল্লাল, সুমন এবং আমীর হোসেনকে মামলার আসামি করা হয়েছে। থানার উপ-পরিদর্শক শাকিল আহম্মেদ মামলাটি তদন্ত করছেন।

উপ মহা-কারা পরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, এ ব্যাপারে দায়িত্বে অবহেলার কারণে কারাগারের প্রধান কারারক্ষী আব্দুর রহমান এবং কারারক্ষী মোজাম্মেল হক ও বশীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া আরো দুই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার পর কারাগারের সকল রক্ষীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে বলেও তিনি জানান।

উপ মহা-কারা পরিদর্শক আরো জানান, আব্দুর রাজ্জাক একটি মাদক মামলার আসামি এবং গত বছরের আগস্ট মাসে তাকে কারাগারে আনা হয়।