ভোরের কাগজের ঢাবি প্রতিবেদককে মারধর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং দৈনিক ভোরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শিফারুল শেখকে মারধর করেছে ছাত্রদলের দুই কর্মী। বুধবার দুপুরে সলিমুল্লাহ হলে ঘটেছে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে হলের দোকানে ফোন করতে যান শিফারুল। ওই সময় দোকানি না থাকায় ওই হলের ১৬৪ নম্বর কক্ষের ছাত্র এবং ছাত্র দলের হল শাখার সহ সম্পাদক আবু সালেহ সোহেল এবং রাহিদুল ইসলাম বাবুল তাদের ফোন থেকে কল করার প্রস্তাব দেয় শিফারুলকে। এ জন্য মিনিট প্রতি পাঁচ টাকা চায় তারা। শিফারুল দুই টাকা দেওয়ার প্রস্তাব দেয়।
এ নিয়ে তর্কাকর্কির এক পর্যায়ে সোহেল ও বাবুল গাছের ডাল ভেঙ্গে শিফারুলকে মারধর শুরু করে। তখন অন্য ছাত্ররা এসে শিফারুলকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে পাঠায়।
এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ কা ফিরোজ আহমেদ বলেন, মারধরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হল প্রভোস্টকে বলা হয়েছে।
