২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস বৃহস্পতিবার

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস বৃহস্পতিবার। জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কোর উদ্যোগে বিশ্বজুড়ে দিবসটি প্রতিবছরের মতো এবারও পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা চাই, চাই সংবাদকর্মীদের নিরাপত্তা- এ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন দেশে পালিত হবে দিবসটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 07:21 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমের স্বাধীনতা সুরক্ষার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ দিবস পালিত হয়ে থাকে। এবার দিবসের মূল অনুষ্ঠান হবে কলম্বিয়ার মেডেলিনে। চলতি বছর ইউনেস্কো-গুইলের্মো কানো বিশ্ব মুক্ত গণমাধ্যম পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে নিহত রুশ সাংবাদিক আনা পোলিৎকোভস্কায়াকে। এ প্রথম মৃত কোনও সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

১৯৮৬ সালে মাদক চোরাচালানি গোষ্ঠীর হাতে নিহত কলম্বিয়ার সাংবাদিক গুইলের্মো কানো ইসাজার স্মরণে ১৯৯৭ সালে এ পুরস্কার প্রবর্তন হয়।

১৯৯৩ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস পালনের ঘোষণা অনুমোদিত হয়।

২০০৭ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালনের আগেই সারা বিশ্বে ২৪ জন সাংবাদিক এবং পাঁচ সংবাদকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে সাংবাদিকদের স্বার্থরক্ষাকারী প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স সানস্ ফ্রন্টিয়ার্স।

বিশ্ব গণমাধ্যম দিবস পালনে বাংলাদেশে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সকাল ১০টায় জাতীয় গ্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি র(ইউএনডিপি) উদ্যোগে বিকাল তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংক ভবনে অনুষ্ঠিত হবে অলোচনা সভা।

এছাড়া ধানমন্ডির দৃক গ্যালারিতে বিকাল সাড়ে চারটায় গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে দৃক নিউজ।