২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণপিটুনিতে ৪ ছিনতাইকারী আহত

নগরীর কর্নেল হাট এলাকায় ছিনতাইকালে বুধবার দুপুরে গণপিটুনিতে চার ছিনতাইকারী গুরুতর আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 05:26 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক রতন সিংহ জানান, বিকাল চারটা পর্যন্ত চার ছিনতাইকারীর কারও জ্ঞান না ফেরায় তাদের পরিচয় জানা যায়নি।

পাহাড়তলী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক বেলাল হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কর্নেল হাটের টিন বাজারের কাছে মমতাজ বেগম নামের এক রিকশারোহীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে জনতা এই চার ছিনতাইকারীকে ধরে ফেলে।

তিনি জানান, একটি সিএনজি অটোরিকশা থেকে তারা মমতাজ বেগমের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া করে চারজনকেই ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।

তিনি জানান, পাহাড়তলী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠায়। পুলিশ অটো রিকশাটিকে আটক করেছে।