২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ বছরে বোমা হামলায় নিহত ১৪৮, আহত সহস্রাধিক

দেশে গত আট বছরে অন্তত ২৭টি বোমা ও গ্রেনেড হামলায় নিহত হয়েছেন ১৪৮ জন, আহতের সংখ্যা হাজারেরও বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর এর কাছে থাকা উপাত্ত বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 04:05 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে ১৯ বার বোমা ও গ্রেনেড হামলায় নিহত হন ৭৬ জন।

এ সময়ে প্রথমবারের মতো সারাদেশে একযোগে বোমা হামলা চলে। ২০০৫ সালের ১৭ আগস্ট জেএমবি পরিচালিত ওই হামলায় একজন নিহত এবং শতাধিক আহত হন।

জোট সরকারের সময়ে সবচেয়ে ভয়াবহ গ্রেনেড হামলা হয় ২০০৪ সালের ২১ আগস্ট। সেদিন ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের প্রথম সারির নেত্রী আইভি রহমানসহ ২৩ জন নিহত হন। আহত হন দলীয় সভানেত্রী শেখ হাসিনাসহ তিন শতাধিক নেতাকর্মী।

এছাড়া ওই বছর হবিগঞ্জের গ্রেনেড হামলায় নিহত হন সাংসদ এসএএমএস কিবরিয়াসহ ছয়জন, আহত হন শতাধিক।

২০০২ সালের ৭ ডিসেম্বর ময়মনসিংহের চারটি সিনেমা হলে বোমা হামলায় নিহত হন তিনজন ও আহত হন শতাধিক।

২০০৩ সালের ১৭ জানুয়ারি টাঙ্গাইলের শফিপুরের মেলায় আটজন নিহত ও ১৫ জন আহত হন।

২০০৪ সালের ১২ জানুয়ারি সিলেটে শাহজালালের (র.) মাজারের ওরসে বোমা হামলায় পাঁচজন নিহত ও ৫০ জন আহত হন।

একই বছর ২১ মে সিলেটে শাহজালালের (র.) মাজার পরিদর্শনকালে ব্রিটিশ হাই কমিশনারের ওপর গ্রেনেড হামলায় নিহত হন তিনজন। আহত হন ৭০ জন।

২০০৫ সালের ১৬ জানুয়ারি বগুড়ার নাট্যানুষ্ঠানে বোমা হামলায় দুজন নিহত ও ৩৫ জন আহত হন। একইদিনে নাটোরে যাত্রামঞ্চে বোমা হামলা চালানো হলে আহত হন ৩৫ জন।

ওই একই বছরের ১২ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় আহমদিয়া মুসলিম জামাতের এক অনুসারীর বাড়িতে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন এক বৃদ্ধা।

এর আগের দিন ১১ আগস্ট আখাউড়ার খড়মপুরে ওরশ চলার সময় মাজারে আটটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে মারা যান একজন, আহত হন শতাধিক।

একই বছরের ২৩ জুন ব্রাক্ষণবাড়িয়ায় আহমদিয়া সম্প্রদায়ের গ্রাম ও এনজিও কার্যালয়ে ১১টি বোমা হামলার ঘটনা ঘটে। এতে আহত হন ৩৫ জন।

২০০৫ সালে ৩ অক্টোবর জঙ্গিরা একই সঙ্গে লক্ষ্মীপুর, ঝালকাঠি ও চাঁদপুরে আদালত পাড়ায় বোমা হামলা চালায়। লক্ষ্মীপুরে এজলাসে বোমা হামলায় একজন বিচারপ্রার্থী মারা যান। ঝালকাঠিতে জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদ নামে দুই বিচারক নিহত হন।

এই দুই বিচারক হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার রায়ে এ বছর ২৯ মার্চ মধ্যরাতে শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলাভাইসহ ছয় শীর্ষ জঙ্গির ফাঁসি কার্যকর হয়েছে।

২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুরের আদালত পাড়ায় জঙ্গিরা বোমা মেরে হত্যা করে আইনজীবীসহ নয়জনকে। একই দিন চট্টগ্রামেও আদালত পাড়ায় বোমা হামলায় নিহত হন তিনজন।

ওই বছর ১ ডিসেম্বর আবার গাজীপুরে আদালত পাড়ায় বোমা হামলা চালিয়ে আরো একজনকে হত্যা করা হয়।

২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী অফিস প্রাঙ্গণে বোমা হামলায় প্রাণ হারান আটজন।

আওয়ামী লীগ সরকারের সময় ১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে উদীচীর সমাবেশে বোমা হামলার মধ্য দিয়ে দেশে বোমা ও গ্রেনেড-সন্ত্রাসের সূচনা হয়। ওই হামলায় জাসদ নেতা কাজী আরেফসহ মারা যান ১০জন। আহত হন দেড় শতাধিক।

একই বছর ৮ অক্টোবর খুলনার আহমদিয়া মসজিদে বোমা হামলায় নিহত হন আটজন।

২০০১ সালের ২০ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলায় পাঁচজন নিহত ও অর্ধশতাধিক আহত হন। ওই বছর ১৪ এপ্রিল রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০জন নিহত ও ২০ জন আহত হন।

একই বছর ৩ জুন গোপালগঞ্জের গির্জায় বোমা হামলায় নিহত হন ১০জন। এ ঘটনায় আহত হন আরও ২৬ জন।

ওই বছর ১৬ জুন নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলা চালানো হয়। এতে মারা যান ২১ জন। আহত হন শতাধিক।

সে বছর ২৩ সেপ্টেম্বর বাগেরহাট কলেজ মাঠের সমাবেশে বোমা হামলায় মৃত্যু হয় আটজনের। শতাধিক ব্যক্তি এতে আহত হন। এছাড়া একই বছর ২৮ সেপ্টেম্বর সাতক্ষীরার রক্সি সিনেমা হল ও সার্কাস প্যাণ্ডেলে বোমাবাজির ঘটনায় তিনজন নিহত ও শতাধিক আহত হন।

সর্বশেষ চলতি ২০০৭ সালের ১ মে মঙ্গলবারই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের রেল স্টেশনে আবারও বোমা হামলা হয়েছে। এই বোমা হামলায় জঙ্গিরা তাদের অস্তিত্ব জানান দেয়।