সিলেট রেল স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১
সিলেট রেল স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বুধবার সকালে একজনকে আটক করেছে।
সিলেট কোতয়ালি থানার উপ পরিদর্শক চান মিয়া জানান, আটককৃত আল আমীন (২৪) এর বাড়ি নেত্রকোনা জেলায়। নগরীর দক্ষিণ সুরমার একটি বস্তি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনার পর থেকে বেশ কয়েকজনকে আটক করা হলেও সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে বোমা বিস্ফোরণের পর মঙ্গলবার রাতে জিআরপি পুলিশ একটি মামলা দায়ের করেছে।
সিলেট রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর-কে বলেন, “মামলার আসামীরা অজ্ঞাত। আমরা প্রতিটি ট্রেন ছাড়ার আগে ও পরে তল্লাশি চালাচ্ছি। এ ছাড়া তদন্তও চলছে।”
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাহবুবুল আলম বলেন, ঘটনার পর থেকে নগরী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন রাস্তায় তল্লাশি চৌকি বসানো হয়েছে। নগরীর বিভিন্ন স্থান থেকে কয়েকজনকে আটক করা হলেও একজনকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে।
