চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ পুনঃস্থাপিত
চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ টানা আট ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার রাত সোয়া দুইটায় ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেন কুমিল্লার লালমাই স্টেশনে ঢোকার সময় লাইনচ্যুত হয়ে পড়লে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ছয়টি বগি উদ্ধার করলে চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরে আসে।
পূর্বাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় ট্রাফিক নিয়ন্ত্রক নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, মঙ্গলবার রাত সোয়া ২টা থেকে ট্রেন চলাচল শুরু হয়। আগের দিনের ট্রেনগুলো কিছুটা দেরিতে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। তবে কোনো ট্রেন বাতিল করা হয়নি।
তিনি জানান, সময়সূচি অনুযায়ী সকালের ট্রেনগুলো যথাসময়ে চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে।
