শিক্ষায় সমতা আনতে পল্লী এলাকায় ৩২৬টি মডেল স্কুল হবে
উপজেলা সদর ও পল্লী এলাকায় পর্যায়ক্রমে ৩২৬টি মানসম্পন্ন মডেল স্কুল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
পল্লী এলাকা ও শহরের শিক্ষা ব্যবস্থার মানের ব্যবধান কমিয়ে আনতে এসব স্কুল স্থাপন করা হবে।
প্রধান উপদেষ্টা ড. ফকরুদ্দীন আহমদের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে বলে উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন।
তিনি আরও জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টা এক চিঠির মাধ্যমে শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরীকে বলেন, “দেশের ভাল স্কুলগুলো সিটি অথবা বড় শহরে কেন্দ্রীভূত। এতে শিক্ষা ক্ষেত্রে পল্লী এলাকা ও শহরের মধ্যে ব্যবধান সৃষ্টি হচ্ছে।” এ কারণে উপজেলা সদর ও পল্লী এলাকায় কিছু ভালমানের ‘মডেল স্কুল’ প্রতিষ্ঠার তাগিদ দেন প্রধান উপদেষ্টা।
এসব স্কুলে স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির পাশাপাশি দরিদ্র ছাত্র-ছাত্রীদের বৃত্তিসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার প্রস্তাব করেছেন তিনি।
এ বিষয়ে শিক্ষা সচিব মো. মোমতাজুল ইসলাম অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর কে তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমের ব্যাপারে কোনো ধরনের মন্তব্য আমি করতে পারব না। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টার একটি মৌখিক নির্দেশ আছে।”
পরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য সোমবার তার দপ্তরে দুবার যাওয়া হলেও তার জনসংযোগ কর্মকর্তা জানান তিনি বৈঠকে আছেন।
অবশ্য শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধান উপদেষ্টার চিঠির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসাবে দেশের ৩২৬ টি থানায় পর্যায়ক্রমে একটি করে উপজেলা স্কুল নামে মডেল স্কুল স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে।
এ পরিকল্পনার কথা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টাও এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে সূত্র নিশ্চিত করে।
দেশের ১৯১ টি থানায় এখন ৩১৭টি সরকারি স্কুল থাকলেও বাকি ৩২৬টি থানায় কোনো সরকারি স্কুল নেই। এক্ষেত্রে যেসব থানায় সরকারি স্কুল নেই সেসব এলাকায় একটি করে বেসরকারি স্কুলকে সরকারি স্কুলে রূপান্তরিত করে মডেল স্কুলে করার চিন্তাভাবনা হচ্ছে।
শিক্ষা মন্ত্রনালয় সূত্রে আরো জানা গেছে, সেবসরকারি স্কুলকে সরকারি স্কুলে রূপান্তরিত করে মডেল স্কুল স্থাপন করা হলে সরকারের বিনিয়োগ কম হবে। জমি অধিগ্রহণ সংক্রান্ত ঝামেলা না থাকায় প্রকল্প বাস্তবায়ন করতেও সময় কম লাগবে।
স্কুলে শিক্ষার্থী ভর্তির হার এবং হাওর, চর ও সমুদ্র তীরবর্তী এলাকাকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে প্রস্তাবিত মডেল স্কুল স্থাপন করার বিধান রেখে পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে বলেও জানিয়েছে সূত্রটি।
