২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকালের বিস্ফোরণের বিষয়ে দুপুর পর্যন্ত জানেন না মতিন, উদ্বিগ্ন নন মইনুল

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রেল স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় ‘নাথিং সিরিয়াস’ বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মইনুল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2007, 01:03 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

এদিকে কমিটির সদস্য ও যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবদুল মতিন দুপুর পর্যন্ত বোমা বিস্ফোরণের বিষয়টি জানতেন না।

মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর-কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মইনুল বলেন, “আমি স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, পটকা জাতীয় কিছু একটা ফুটেছে। ঘাবড়ানোর কিছু নেই, এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র সচিব আমাকে আরও জানিয়েছেন, নতুন একটি সংগঠন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে মনে হচ্ছে।”

দুপুর ১২টা ৪০ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর-এর পক্ষ থেকে যোগাযোগ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এ বিষয়ে এখনও কিছু জানি না। খোঁজ-খবর নিচ্ছি। পরে টেলিফোন করলে জানাতে পারব।”