তূর্য হত্যা মামলার বিচার শুরু
তুর্য ঘোষ রনি হত্যা মামলায় শাহাদাত হোসেন লিটন ওরফে খোড়া লিটন, তার কথিত স্ত্রী শামসুন নাহার শিউলী, আল মামুন ওরফে মামুন, আবু সাঈদ এবং ফরহাদ আলম হীরার বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠন করেছে আদালত। এদের মধ্যে হীরা জামিন নিয়ে পলাতক রয়েছে।
ঢাকার মহানগর দায়রা জজ মো. মমিন উল্লাহ সোমবার দুপুরে এই পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ গঠন করেন।
এ সময় আদালতে হাজির চার আসামীকে হত্যার অভিযোগ পড়ে শোনানো হয়। তারা সবাই নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন।
অভিযোগে বলা হয়েছে, ২০০৬ সালের ২৯ অক্টোবর আসামীরা পূরবী জুয়েলার্সের মালিক জগন্নাথ ঘোষের ছেলে তূর্যকে তার উত্তরার বাড়ি থেকে টেলিফোন করে পূর্ব রামপুরার একটি বাড়িতে নিয়ে যায়। এরপর তারা তূর্যকে খাবারের সঙ্গে চেতনা নাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে এবং তার বাবাকে ফোন করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। জ্ঞান ফেরার পর অপহরণকারীদের সঙ্গে তূর্যর কথা কাটাকাটির এক পর্যায়ে আসামীরা তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে তারা লাশ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়।
