মঙ্গলবার মহান মে দিবস
মঙ্গলবার “মে দিবস”। শ্রমিকের অধিকার আদায়ের রক্তস্নাত ঐতিহাসিক ঘটনা প্রবাহের দিন। মেহনতি জনতার প্রত্যয়দীপ্ত ঐক্যের মহিমায় আত্মোৎসর্গের পথ বেয়ে আবার ফিরে এসেছে মে দিবস। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সারা বিশ্বের মেহনতি শ্রমিকদের সঙ্গে বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হবে।
১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্য এবং আটঘণ্টা কাজের সময় নির্ধারণ করার দাবিতে আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে যুক্তরাষ্ট্রের সরকার মালিক পক্ষের উস্কানিতে শ্রমিকদের ওপর গুলি চালায়। আপসহীন দশ শ্রমিকের তাজা বুকের রক্তে গড়ে উঠে শ্রমিক জনতার বৃহত্তর ঐক্য। শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠে পুরো শিকাগো শহর। বিশ্বজনমতও প্রতিবাদে মুখর হয়ে উঠে। অবশেষে প্রবল জনমতের মুখে বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের সরকার শ্রমিকদের আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করতে বাধ্য হয়।
১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিস নগরীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের রক্তে গড়া সংগ্রামী ঐক্যের মহান অর্জন স্বীকৃতি দিয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে সারা বিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে ১ মে “মে দিবস” নামে পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার দেশে সরকারি ছুটি থাকবে। সরকারি অফিস আদালতসহ সব কলকারখানা বন্ধ থাকবে। পত্রপত্রিকাগুলো ক্রোড়পত্র ও বিশেষ নিবন্ধ প্রকাশ করবে। টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। শ্রমিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে।
মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বাণী দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি বলেছেন, সারা বিশ্বে শ্রমজীবী মানুষের কাছে মে দিবস অধিকার ও ঐক্য প্রতিষ্ঠার দিন। শ্রমের মর্যাদা ও অধিকার আদায়ে এ দিবসটি মেহনতি মানুষের কাছে প্রেরণার উৎস।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মত শ্রমনিবিড় উন্নয়নশীল অর্থনীতিতে দেশ গঠনে শ্রমিক ও মেহনতি মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেহনতি কৃষকদের অল্প জমিতে অধিক ফসল ফলানোর কারণে দেশ খাদ্য শস্য উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ। লাখ লাখ শ্রমিকের শ্রমে-ঘামে গার্মেন্টসসহ দেশের বিভিন্ন শিল্পে অভাবনীয় উন্নতি হয়েছে। সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে শ্রমজীবীসহ দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, মে দিবস হচ্ছে নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের সংগ্রাম ও সংহতির দিন। শ্রমের উপযুক্ত মূল্য, দৈনিক আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ এবং সামগ্রিকভাবে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ১ মে আত্মাহুতির মাধ্যমে শ্রমিক শ্রেনীর আন্দোলনে এক নবতর অধ্যায়ের সূচনা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিশ্ব সভ্যতার বিনির্মাণে শ্রমিকের ভূমিকা ব্যাপক। যন্ত্র ও প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি সত্ত্বেও উৎপাদন, উন্নয়ন ও নির্মাণে শ্রমজীবী মানুষের গুরুত্ব এখনও অপরিহার্য। উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী আমরা তাই শ্রমিকের সম্মান ও মর্যাদা সম্পর্কে সব সময় সচেতন। আমরা সব সময় একসঙ্গে কাজ করে আসছি।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মে দিবসের অন্তর্নিহিত শক্তি ও তাৎপর্য আমাদের জাতীয়, রাষ্ট্রীয় এবং সমাজ জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করে চলতে হবে।
বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বলেন, সভ্যতার মূল চালিকা শক্তি হচ্ছে উৎপাদন। আর উৎপাদনের প্রাণশক্তি হলো শ্রম। অথচ নির্মম ইতিহাস হচ্ছে সভ্যতার কারিগর শ্রমের যোগানদাতা এই শ্রমিক শ্রেণী বরাবরই শোষণ-বঞ্চনা আর নির্যাতন নিপিড়ণের শিকারে পরিনত হয়েছে।
