২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনায় বোমা হামলার অভিযোগে ৫ দিনের রিমান্ডে মুফতি হান্নান

২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা মেরে ১০ জনকে হত্যার অভিযোগে হরকাতুল জিহাদের প্রধান মুফতি আবদুল হান্নানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 04:50 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

একইসঙ্গে হত্যা মামলায় হান্নানের সহযোগী আব্দুর রউফকেও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেয় আদালত।

সোমবার দুপুর একটায় ঢাকার মহানগর হাকিম শামসুল আলম এই আদেশ দেন।

রমনা থানায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনের এই দুটি মামলায় মুফতি হান্নান ও আব্দুর রউফকে ১০ দিন করে রিমান্ডের জন্য আদালতে আবেদন করেন মামলার কদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ।

আদালত মুফতি হান্নানকে রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাকে দুই দফায় ১৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। এ মামলায় তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

২০০৫ সালের ১ অক্টোবর রাজধানীর বাড্ডা এলাকা থেকে মুফতি হান্নানকে গ্রেপ্তার করে র‌্যাব।