২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কনসালটেন্ট' নিয়োগ করে দুর্নীতি প্রতিরোধ করা যাবে না: হাসান মশহুদ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধূরী বলেছেন, “দুর্নীতি আমাদের বড় ধরনের একটি সমস্যা। একে দমনের চেয়ে প্রতিরোধ করাই উত্তম। শুধু ‘কনসালটেন্ট’ নিয়োগ করে দুর্নীতি প্রতিরোধ করা যাবে না। আমাদের দেশের লোকজনকে নিজেদের দুর্নীতি নিজেদেরই প্রতিরোধ করতে হবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 07:07 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

সোমবার কুমিল্লা জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

কুমিল্লা প্রতিনিধি জানান, দুপুরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় হাসান মশহুদ চৌধূরী সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “জনগণের দায়িত্ব হলো দুর্নীতি প্রতিরোধ করা। আর সরকারের দায়িত্ব এ সংক্রান্ত মামলা পরিচালনা করা। জনগণ ও সরকারের সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব।”

তিনি বলেন, “নিজেদের অবস্থান থেকে আমরা যদি দুর্নীতি না করি, কাউকে দুর্নীতি করতে না দেই তাহলেই দুর্নীতি দমন ও প্রতিরোধ করা সম্ভব হবে।”

হাসান মশহুদ চৌধূরী একটি শ্লোগানের উদ্ধৃতি দিয়ে বলেন, “আমি দুর্নীতি করবো না, আমি দুর্নীতি করতেও দেব না।”

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান দুর্নীতিমুক্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ সব পেশার সকল দুর্নীতিমুক্তদের সমাজে স্বীকৃতি দেওয়ারও আহ্বান জানান।

এর আগে সকালে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দুদক চেয়ারম্যান মতবিনিময় করেন। চাঁদপুর প্রতিনিধি জানান, মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান বলেছেন, “নিজেদের অবস্থান থেকে আমরা যদি দুর্নীতি না করি, কাউকে দুর্নীতি করতে না দেই তাহলেই দুর্নীতি দমন ও প্রতিরোধ করা সম্ভব হবে।”

হাসান মশহুদ চৌধূরী বলেন, “জনগণের দায়িত্ব হলো দুর্নীতি প্রতিরোধ করা। আর সরকারের দায়িত্ব এ সংক্রান্ত মামলা পরিচালনা করা। জনগণ ও সরকারের সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব।”

সভায় উপস্থিত জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, “আজ থেকে আমরা প্রতিজ্ঞা করলাম, নিজেরা দুর্নীতি করবো না, অন্যকে দুর্নীতি করতে দেব না।”

চাঁদপুরের জেলা প্রশাসক এসএম মনিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. লোকমান হাকিম মল্লিক, চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, বিশিষ্ট চিকিৎসক এমএ গফুর ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক তানজিনা ফেরদৌস।

দুপুরে কুমিল্লায় মতবিনিময় সভাশেষে দুদক চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছান। বিকেলে স্থানীয় পৌর মিলনায়তনে আয়োজিত ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক সুধী সমাবেশে তিনি বলেন, “আর চুপি চুপি নয়, এখন থেকে সাহস করে ঘুষখোরদের প্রকাশ্যে ঘুষখোর বলুর, দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করুন”। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে দুর্নীতি দমন কমিশন নেই, এরপরও সেখানে দুর্নীতি কম। জনগণ সচেতন হলে দুর্নীতি হতে পারে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দ আহাম্মদ ছাপা, পুলিশ সুপার আতাউল কিবরিয়া, পৌর চেয়ারম্যান হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরজুসহ সুশীল সমাজের নেতারা।

দুর্নীতিবিরোধী প্রচারাভিযানের অংশ হিসেবে হাসান মশহুদ চৌধূরী সোমবার চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সফর করেন।

এর আগে গত ৯ ও ১২ এপ্রিল তিনি উত্তরবঙ্গের আটটি জেলায় হেলিকপ্টারে করে এই ধরণের সফর করেন।