২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে একটি হত্যা মামলায় ২০ জনের ফাঁসি

একটি হত্যা মামলায় চট্টগ্রামের একটি আদালত রোববার ২০ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 08:50 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

জেলার বাঁশখালী উপজেলার সরলি ইউনিয়নের মিনজীরি তলা এলাকার হাসান আহমদ নামে এক ব্যক্তিতে কুপিয়ে হত্যা করার মামলায় এ রায় দেওয়া হলো।

প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজাউল করিম রোববার বিকালে এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ১৪ জন কারাগারে আটক রয়েছে এবং বাকিরা পলাতক।

জেলার সরকারি কৌঁশুলি (পিপি) কফিল উদ্দিন বলেন, “চট্টগ্রামে সাম্প্রতিককালে একই মামলায় এতজনের ফাঁসির আদেশ শোনা যায়নি। চট্টগ্রাম আদালতে আমার ২১/২২ বছরের অভিজ্ঞতায় একসাথে এতজনের ফাঁসির আদেশ হয়নি বলেই মনে পড়ে। তবে মামলার মেরিট থাকলে যে এমন রায় হতে পারে না, তা নয়।”

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক শত্রুতা ও জমি নিয়ে মামলার জের ধরে ১৯৯২ সালের ৪ জুন আসামিরা হাসান আহমদকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার পরিবারের দায়ের করা মামলায় পুলিশ ওই বছরের ২৮ সেপ্টেম্বর ২২ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে দুই আসামি মারা যায়।

আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আফজল আহমদ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নুরুর ছাফা তালুকদার।