দুর্যোগ প্রশমনে ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার বিকল্প নেই: সেমিনারে বক্তারা
১৯৯১ সালের ২৯ এপ্রিলের ভয়াল কালো রাতের কথা কখনোই ভুলে যাওয়া সম্ভব নয় উপকূলীয় অঞ্চলের ১৬টি জেলার মানুষের পক্ষে। স্মরণকালের ভয়াবহ সেই ঘূর্ণিঝড় আর জলোচ্ছাসে তারা হারিয়েছিলেন তাদের পরিবারের সদস্যদের। সেইরাতে মারা গিয়েছিলো প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ। লাশের গন্ধে ভারি হয়ে উঠেছিল সেইসব এলাকার বাতাস। এ ধরনের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার বিকল্প নেই।
ভয়াল সেইদিনকে স্মরণ করে রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে ম্যানগ্রোভ বনাঞ্চল: সম্ভাবনা ও শঙ্কা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা একথা বলেন। সেমিনারটি আয়োজন করে কোস্টাল অ্যাসোসিয়েশন ফর সোশাল ট্রান্সফরমেশন (কোস্ট) ট্রাস্ট।
সেমিনারে বক্তারা ভয়াবহ ২৯ এপ্রিলকে স্মরণ করে এরকম প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় এলাকা রক্ষা করার ক্ষেত্রে ম্যানগ্রোভ বনাঞ্চলের সমস্যা ও সম্ভাবনা ইত্যাদি বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।
সেমিনারে প্রধান বক্তা সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব বলেন, “প্রকৃতির প্রতিশোধ কেউ কখনো ঠেকিয়ে রাখতে পারবে না। তাই প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় যেমন খরা, উষ্ণায়ন, ঘূর্ণিঝড়, জলোচ্ছাস সব আজ এক হয়ে গেছে। প্রাকৃতিক উপায়েই আজ আমাদের এসব বিপর্যয় সামলাতে হবে। তাই ঝড়-জলোচ্ছাস ঠেকাতে উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনাঞ্চলের কোন বিকল্প আপাতত নেই। সমন্বিত একটা ব্যবস্থার মাধ্যমে আমাদের গড়ে তুলতে হবে এই বনাঞ্চল।”
রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন বলেন, “আমরা অনেক সময় শুনে থাকি বঙ্গোপসাগরে একটা ঝড় তৈরি হয়ে তা আবার বঙ্গোপসাগরেই হারিয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো, আমাদের ম্যানগ্রোভ বন। গাছপালায় বাধাপ্রাপ্ত হয়ে ঝড় আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। কিন্তু নানান কারণে ম্যানগ্রোভ বন আজ হুমকির সম্মুখীন। লবণ চাষ, চিংড়ির ঘের, ভূমিদস্যুদের চর দখল ইত্যাদি কারণে পরিকল্পিতভাবে ম্যানগ্রোভ গড়ে উঠতে পারছে না। সেইসঙ্গে যোগ হয়েছে বন বিভাগের সিস্টেম লস সমস্যা।”
এসব সমস্যা সমাধানের জন্য তিনি সমন্বিত উপকূল ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তার মতে, উপকূলের সমস্যা সমাধানের জন্য তিনি উপকূল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থাকা উচিত।
সেমিনারে বক্তব্য রাখেন উপকূলীয় এলাকায় কর্মরত বিভিন্ন এনজিও কর্মকর্তা, পরিবেশ বিশেষজ্ঞ, বিদেশি সংস্থার প্রতিনিধি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বেসরকারী সংস্থা ডরপ এর নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান বলেন, “বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের রক্ষা করে যে প্যারাবন সেই প্যারাবনকে ধ্বংস করছি আমরা নিজেই। আর তাই দুর্যোগে ভোগান্তিও হচ্ছে আমাদের বেশী। উপকূলবর্তী অঞ্চলে আমাদের প্রায় ১০ হাজার কিলোমিটার বাঁধ রয়েছে। এই বাঁধকে রক্ষা করতে হবে আমাদের নিজেদের স্বার্থেই।”
এসএএপি বাংলাদেশের কর্মকর্তা সৈয়দ নূরুল আলম বলেন, “উপকূলবর্তী অঞ্চলে সাইক্লোন আশ্রয় কেন্দ্র নতুন করে তৈরি করার চেয়ে পুরনোগুলোর সংস্কার বেশি জরুরি। কেননা সেগুলো এখন হুমকির মুখে।” তিনি উপকূলবর্তী অঞ্চলের উন্নয়নে যেসব বেসরকারী সংস্থা কাজ করছে তাদের প্রতি সরকারের সহযোগিতা কামনা করেন।
দ্বীপ উন্নয়ন সংস্থার কর্মকর্তা রফিকুল আলম বলেন, “সাইক্লোনের কারণ গ্লোবাল ওয়ার্মিং আর ম্যানগ্রোভ বনের স্বল্পতা যাই হোক না কেন আমাদের খালি ম্যানগ্রোভ করলেই চলবে না। তার পাশাপাশি আশ্রয় কেন্দ্রও বানাতে হবে। জরুরি পরিস্থিতিতে ম্যানগ্রোভ আমাদের বাঁচাবে না, আশ্রয় কেন্দ্রই আমাদের বাঁচাবে।”
ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক কর্মসূচীর পরিচালক শহীদুল্লাহ বলেন, “মানুষের জন্যই ম্যানগ্রোভ, ম্যানগ্রোভের জন্য মানুষ নয়। তারপরও আমরা ম্যানগ্রোভ ধ্বংস করছি।”
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও কমিউনিকেশন্স এর (বিএনএনআরসি) এ এইচ এম বজলুর রহমান জাতীয় বাজেটে যাতে উপকূলীয় এলাকা উপেক্ষিত না থাকে সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ জানান। এ ছাড়া একটি উপকূল নীতিমালা প্রণয়নের বিষয়টিও তিনি তুলে ধরেন।
সেমিনারে সমন্বয়কের ভূমিকা পালন করেন কোস্ট ট্রাস্টের ড. তোফায়েল আহমেদ। ২৯ এপ্রিলের ভয়াল রাতের বিভিন্ন পরিসংখ্যান ও প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে ম্যানগ্রোভের ভূমিকা বিষয়ে প্রবন্ধ পাঠ করেন কোস্ট ট্রাস্টের মাহমুদ সেলিম। প্রবন্ধে উপকূলীয় এলাকা রক্ষায় ম্যানগ্রোভ বনের বিস্তারে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়।
এসময় একটি মাল্টিমিডিয়া প্রদর্শনী দেখানো হয়। এ ছাড়া সেমিনার চলার সময়ে ২৯ এপ্রিলের বিভিন্ন অলোকচিত্র ও পোস্টার প্রদর্শন করা হয়।
