২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

“মিরপুরের গাছগুলো না কাটলে কি উন্নয়ন থেমে থাকতো?”

“একি অনাচার! মিরপুর দুই নম্বর সেকশনের একমাত্র শিশু পার্কটিতে তিল তিল করে গড়ে তোলা সবুজ চত্বরের গাছগুলো না কাটলে কি সরকারের উন্নয়ন কর্মসূচি থেমে থাকতো? যে ম্যাজিস্ট্রেট বুলডোজার চালানোর হুকুম দিয়েছিলেন তার ছেলেমেয়েদের জন্য কি খেলাধুলার জায়গার দরকার নেই?”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 05:15 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

রোববার রাজধানীতে পরিবেশ বাঁচাও আন্দোলন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাষ্পরুদ্ধ কণ্ঠে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে এ প্রশ্ন করেন বৃদ্ধ হাজী আব্দুল ওয়াহিদ।

মিরপুর এলাকাবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিশিষ্ট পরিবেশবিদ ড. নওয়াজেশ আহমেদ।

সম্মেলনে জানানো হয়, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মমতাজ বেগম, ড. জসিম উদ্দীন ও ড. তাপস রঞ্জন মিরপুরের ওই এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। তারা ওই সবুজ চত্বরকে ‘প্রাচীনতম প্রাকৃতিক বন’ এর অংশ হিসেবে চিহ্নিত করেন।

পরিবেশবিদ নওয়াজেশ আহমেদ বলেন, “প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি উদ্ভিদবৈচিত্র্যের বিবেচনাতেও চত্বরটির গুরুত্ব অনেক। এখানে ৩০ প্রজাতির ঔষধি গাছসহ ৫০ প্রজাতির গাছ আছে। কিছু গাছ খুব দুর্লভ প্রজাতির। ছোটো বড় মিলিয়ে গাছের সংখ্যা প্রায় চার হাজার। এছাড়া ঢাকা শহরের সবচেয়ে বড় খৈয়া বাবলা গাছটির সন্ধান পাওয়া গেছে এখানেই।”

গত ১৭ এপ্রিল গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আহম্মেদ ও ম্যাজিস্ট্রেট মো. আজহারুল হকের নেতৃত্বে পার্কটির ছোটবড় কয়েকশ গাছ কেটে ফেলা হয়। বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয় শিশুদের খেলার উপকরণগুলো।

ওই দিন পার্কের গাছ কাটা শুরু হলে এলাকাবাসী ও পরিবেশ আন্দোলনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পার্কের গাছ রক্ষার চেষ্টা করেন। কিন্ত গৃহায়ণ কর্মকর্তারা তাদের বলেন, সরকারি কাজে বাধা দিলে অসুবিধা হবে।

এরপরও এলাকাবাসী সেখানে অবস্থান নিলে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। মিরপুর এক নম্বর সড়কের ১২ নম্বর বাড়ির বাসিন্দা পরিবেশকর্মী মো. ফারুককে আটক করে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে যাওয়া হয়। গাছ কাটতে বাধা দেওয়ায় কাইমুল ইসলাম নামের একজনকে তিন ঘণ্টা গাছের সঙ্গে বেধে রাখা হয়।

এ ব্যাপারে গাছ কাটা অভিযানে নেতৃত্ব দানকারী মো. আজহারুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “বুলডোজারের ধাক্কায় মাত্র আট-দশটি গাছ কাটা পড়তে পারে।”

১৯৯৫ সালে দুই নম্বর সেকশনের সাত নম্বর ওয়ার্ডের এইচ ব্লকে প্রায় সাড়ে তিন হাজার বর্গফুট আয়তনের এই সবুজ চত্বরে ঢাকা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (ডিইউআইপি) আওতায় একটি বহুতল বিপনি বিতান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পতিত জমি হিসেবে দেখিয়ে সেখানে ৩৮টি দোকান বরাদ্দ দেওয়ার প্রক্রিয়াও শুরু করা হয়। অথচ রাজধানীর মূল মহাপরিকল্পনায় জায়গাটিকে ‘সবুজ চত্বর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এলাকাবাসীর পক্ষে শিশু পার্ক রক্ষা বাস্তবায়ন সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, পার্কটিকে সংরক্ষণের জন্য ১৬ এপ্রিল এলাকাবাসী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আবেদন করা হয়। সবুজ চত্বরটি যাতে অন্য কাজে ব্যবহার না হয় সে ব্যাপারে এলাকাবাসীর দায়ের করা একটি মামলা ঢাকার প্রথম সহকারী জজ আদালতে বিচারাধীন রয়েছে। অথচ প্রকল্প বাস্তবায়নের জন্য জমি উদ্ধারের নামে ১৭ এপ্রিল সবুজ চত্বরের গাছ কাটা শুরু করেন গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

সম্মেলনে আসা স্থানীয় অধিবাসীরা জানান, সবুজ চত্বরের বেশ কিছু গাছ ৪০ বছরেরও বেশি পুরনো। বিকেলে শিশু কিশোররা সেখানে খেলাধুলা করে। স্থানীয় বয়স্কদের প্রাত ও সান্ধ্য ভ্রমণের জায়গাও ওই পার্ক।

কয়েকজন বললেন, তত্ত্বাবধায়ক সরকার অনেক ভালো কাজ করলেও এ কাজটা ঠিক হল না।

পরিবেশ বাঁচাও আন্দোলনের আহবায়ক আবু নাসের খান বলেন, “আমি ঘটনাস্থলে থেকে গাছগুলো রক্ষার চেষ্টা করেছি, পারিনি।”