২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে খাবার পানির তীব্র সংকট

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে বিশুদ্ধ পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে। রোগীরা বাধ্য হয়ে হাসপাতালের আয়রনযুক্ত পানি পান করছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 12:22 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ শয্যার এই আধুনিক সদর হাসপাতালটি স্থাপনের পর পানি সরবরাহের জন্য গভীর নলকূপ স্থাপন করা হয়। কিন্তু কয়েক মাসের মাথায়ই পানিতে ঝুঁকিপূর্ণ মাত্রায় আর্সেনিক ও মাত্রাতিরিক্ত আয়রন ধরা পড়ে এবং তা খাবার অনুপযোগী হয়ে পড়ে।

স্বাস্থ্য বিভাগের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা ইউনিট (সিএমএমইউ), চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের সহকারী প্রকৌশলী মাহমুদ ইসলাম জানান, বছর তিনেক আগে বিভাগটি চালু হয়েছে। কিন্তু এর আগে থেকেই নলকূপের পানিতে আর্সেনিক ধরা পড়ে।

তিনি জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ওই গভীর নলকূপের পানিতে ঝুঁকিপূর্ণ মাত্রার আর্সেনিক ও আয়রন নিশ্চিত করেন। বিশেষজ্ঞদের পরীক্ষায় প্রাপ্ত তথ্যের প্রেক্ষিতে হাসপাতালে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হাসপাতাল কম্পাউন্ডে আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হয়। এই প্লান্টটিও প্রায় পাঁচ বছর ধরে নষ্ট রয়েছে।

রোববার হাসপাতালে সরেজমিন গিয়ে দেখা গেছে, পানীয় জলের জন্য রোগীর আত্মীয়-স্বজনদের হন্যে হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে হাসপাতাল সংলগ্ন মহল্লাগুলোতে। হাসপাতালের সামনে রাস্তার পাশে টেপ থেকে সকাল-বিকাল দুই বেলা আত্মীয়-স্বজনরা লম্বা লাইন দিয়ে পৌরসভার সরবরাহ করা পানি সংগ্রহ করছেন। অন্য সময় পানির প্রয়োজনে তারা বাড়ি বাড়ি ঘুরে অথবা সংলগ্ন মসজিদ থেকে পানি সংগ্রহ করেন।

সম্প্রতি অসহনীয় গরমে হাসপাতালের রোগীদের মধ্যে পানির জন্য হাহাকার পড়ে গেছে। ১০০ শয্যার হাসপাতালের দেড়/দুই শতাধিক রোগীর অনেকেই বাধ্য হয়ে হাসপাতালের দূষিত পানি পান করছেন।

রোগীদের অভিযোগ, নামেই এটি আধুনিক হাসপাতাল। মান সম্পন্ন চিকিৎসা সেবা তো নেইই, এখানে বিশুদ্ধ পানিও পাওয়া যায় না।

এ ব্যাপারে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. ফখরুল ইসলাম জানান, হাসপাতালের উন্নয়ন উপদেষ্টা কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। পৌরসভায় আর্সেনিক মুক্ত পানি সরবরাহ শুরু হলে হাসপাতালে সংযোগ নিয়ে পানি সংকট দূর করার পরিকল্পনা রয়েছে এবং এ ব্যাপারে পৌরসভার সঙ্গে আলোচনাও হয়েছে বলে তিনি জানান।