ঢাবির স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে নিয়োগে অনিয়মের অভিযোগ
ইনস্টিটিউটের পাঠক্রমের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, নিয়োগ দেওয়া হয়েছে এমন সব শিক্ষক। এ জন্য কাউকে কাউকে কোনও কোর্সও পড়াতে দেওয়া হয়নি। অথচ তারপরও পদোন্নতি আটকে নেই। প্রভাষক থেকে সহকারী অধ্যাপকও হয়ে এখন সহযোগী অধ্যাপক হওয়ার পথেও এক জন।
এ চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের। অভিযোগ উঠেছে, ইনস্টিটিউটটিতে যথাযথ ও সঙ্গতিপূর্ণ বিষয়ে অভিজ্ঞতা এবং শিক্ষাগ্রহণ না করার পরও তিনজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এদের একজন ইতিমধ্যে অন্য বিভাগে চলে গেছেন, আরেকজন যাওয়ার প্রক্রিয়ায় আছেন। তৃতীয় জন আছেন বহাল তবিয়তেই।
মৃত্তিকা বিজ্ঞানে স্নাতক, অনুজীব বিজ্ঞানে স্নাতকোত্তর এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞানের একটি বিষয়ে পিএইচডি ডিগ্রি নিয়ে ১৯৯৯ সালে স্বাস্থ্য ইনস্টিটিউটে যোগ দেন হোসনে আরা বেগম । ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক সুশীল রঞ্জন হাওলাদার হোসনে আরা বেগমকে কোনও কোর্স পড়ানোর দায়িত্ব দেওয়ার ভরসা পাননি। আরেকজন শিক্ষককের সঙ্গে ভাগাভাগি করে কোর্স দিয়েছেন যাতে শিক্ষার্থীদের সমস্যা না হয় এবং হোসনে আরা বেগমও তার নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারেন।
এমন একজনকে কীভাবে নিয়োগ দেওয়া হলো-এ প্রশ্নে অধ্যাপক সুশীল রঞ্জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “এ নিয়োগ হওয়ার সময় আমি ছিলাম বিদেশে। স্বল্পকালীন সময়ের জন্য পরিচালক বাইরে গেলে সাধারণত নিয়োগ দেওয়া হয় না। দেশে ফেরার পর এ ঘটনার প্রতিবাদে আমি পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করি। কিন্তু কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি।”
নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের এক শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, গত বছর থেকে হোসনে আরা বেগমকে একটি কোর্স পড়াতে দেওয়া হয়েছে। এটা করা হয়েছে সহযোগী অধ্যাপক হিসেবে তার পদোন্নতি যেন প্রশ্নবিদ্ধ না হয়। আর এ সুযোগটি দিয়েছেন ইনস্টিটিউটের বর্তমান পরিচালক।
ওই শিক্ষক অভিযোগ করেন, ইনস্টিটিউটের বর্তমান পরিচালক অধ্যাপক আজিজুর রহমান নিজেও সঙ্গতিহীন বিষয় থেকে এসেছেন। এ জন্য তার ওপর অনাস্থা জানিয়ে ইনস্টিটিউটের আটজন শিক্ষক সম্প্রতি উপাচার্যের কাছে চিঠি দিয়েছেন।
অধ্যাপক আজিজুর রহমান ১৯৯৯ সালে মনোবিজ্ঞান বিভাগ থেকে এ ইনস্টিটিউটে যোগ দেন। এখন তিনি আবার পুরনো বিভাগে ফিরে যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এছাড়া কয়েক বছর আগে ফার্মেসিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী জাফরুল আলম স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে যোগ দিয়েছিলেন। পরে তাকে ফার্মেসি বিভাগে পাঠানো হয়।
এ সব অভিযোগ নিয়ে হোসনে আরা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, তিনি দীর্ঘদিন ধরেই কোর্স নিচ্ছেন। তার বিষয়ে শিক্ষার্থীদের কোনও আপত্তি না থাকলেও শিক্ষকদের একটি অংশ নানাভাবে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে।
হোসনে আরা আরও দাবি করেন, তার ডিগ্রি স্বাস্থ্য অর্থনীতির কোর্সের সঙ্গে সঙ্গতিপূর্ণ। মিথ্যা অভিযোগ এনে তার পদোন্নতি আটকে দেওয়ার চেষ্টা চলছে।
এ বিষয়ে সহ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, শিক্ষক নিয়োগের পর এ ধরনের সমস্যা হলে তার জন্য বিভাগই দায়ী। কারণ বিভাগই শিক্ষক নিয়োগের শর্তাবলী ঠিক করে। বিভাগের চাহিদার ভিত্তিতেই প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে নির্বাচক কমিটি কেবল সিন্ডিকেটে সুপারিশ পাঠায়।
সুনির্দিষ্ট করে হোসনে আরা বেগমের নিয়োগের বিষয়ে তিনি জানান, ওই সময়ে তিনি সহ-উপাচার্যের দায়িত্বে ছিলেন না।
